ঘুম ভাঙিয়েই ছাড়বে ‘মিমিকার অ্যালার্ম’
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য নতুন অ্যালার্ম অ্যাপ উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। কোনো বাটন চেপে বা আঙুলের সোয়াইপে বন্ধ হবে না ‘মিমিকার অ্যাল্যার্ম’। ঘুম থেকে উঠে বিভিন্ন কাজকর্ম করে ব্যবহারকারীকে প্রমাণ করতে হবে, ঘুম ভেঙেছে তার।
অ্যাপটিতে অ্যালার্ম দেওয়ার সময়ই আলাদা আলাতা ৩টি কাজ নির্ধারণ করে দিতে হবে ব্যবহারকারীকে। অ্যালার্ম বাজলে সেই তিনটি কাজ করে ব্যবহারকারীকে প্রমাণ করতে হবে আর ঘুমিয়ে নেই তিনি।
এক্ষেত্রে নির্দিষ্ট একটি মুখভঙ্গী করে সেলফি তুলতে হতে পারে ব্যবহারকারীকে, লাল কোনো কিছুর ছবি তুলতে হতে পারে, এমনকি উচ্চারণ করা বেজায় কঠিন এমন শব্দও বলতে হতে পারে জোরেসোরে। ব্যবহারকারী বিছানা থেকে উঠেছেন কী না, সেটা নিশ্চিত হওয়ার জন্য ফোনের বিল্ট-ইন সেন্সরও ব্যবহার করবে অ্যাপটি।
আর ‘মিমিকার অ্যালার্ম’ দিয়ে সেট করা অ্যালার্ম থামানোর উপায় একটাই, আগের রাতে নির্ধারণ করে রাখা কাজগুলো সম্পন্ন করতেই হবে ব্যবহারকারীকে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কাজগুলো শেষ করতে না পারলে অ্যাপটি ধরে নেবে যে আপনি আবার ঘুমিয়ে পরেছেন, আবার শুরু হবে অ্যালার্ম বাজা।
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য অ্যাপটি বানিয়েছেন ‘মাইক্রোসফট গ্যারেজ’ প্রকল্পের ডেভেলপাররা। এই প্রকল্পে মাইক্রোসফটের বিভিন্ন বিভাগের কর্মীরা এক হয়ে নতুন নতুন উদ্ভাবনী কাজের চেষ্টা করেন।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনা খরচে। আর অন্যান্য ডেভেলপাররা যেন অ্যাপটি নিয়ে ইচ্ছে মতো কাজ করতে পারেন সে জন্য এর সোর্স কোড উন্মুক্ত করে দেওয়া হয়েছে গিটহাবে।
