‘ড্রোন ক্র্যাশ’-এ যুক্তরাষ্ট্রের রেকর্ড
২০১৫ সালে ‘ড্রোন ক্র্যাশ’-এর রেকর্ড গড়েছে মার্কিন বিমান বাহিনী। নতুন ওই রেকর্ড সম্পর্কে জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট।
দৈনিকটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গেল বছর হয় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অথবা দুর্ঘটনার ফলে কমপক্ষে ২০ লাখ মার্কিন ডলারে ক্ষতির শিকার হয়েছে মার্কিন বিমান বাহিনীর ২০টি ড্রোন।
সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে মার্কিন সামরিক বাহিনীর সর্বাধুনিক ড্রোন ‘দ্য রিপার’। যুক্তরাজ্যের ‘রয়াল এয়ার ফোর্স’-ও ব্যবহার করে ওই ড্রোনটি। মার্কিন বিমান বাহিনীর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ত্রুটিপূর্ণ স্টার্টার জেনারেটরের কারণেই দূর্ঘটনার শিকার হচ্ছিল রিপার ড্রোনগুলো।
“মার্কিন বিমান বাহিনী এক্ষেত্রে মূল ইসুটি চিহ্নিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে”—জানিয়েছেন বিমান বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রবার্ট পি অটো।
বড় সামরিক ড্রোনগুলোর দুর্ঘটনার রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠান ‘ড্রোন ওয়ার্স ইউকে’ জানিয়েছে, ২০০৭ সাল থেকে আফগানিস্তানে সবচেয়ে বেশি সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে।
‘ড্রোন ওয়ার্স ইউকে’-এর ক্রিস কোল এ প্রসঙ্গে বলেন, “২০০৭ সালে আফগানিস্তান, ইরাক আর যুক্তরাষ্ট্র- শুধু এই তিন দেশেইসামরিক ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু ২০১৪ সালে বিশ্বের ২৩টি দেশে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।”
