২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস-এর উপর ‘লাইক’ আক্রমণের আহ্বান

অনলাইনে উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন আইএস-এর দৌরাত্ব মোকাবেলায় ‘লাইক আক্রমণ’-এর পরামর্শ দিয়েছেন ফেইসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ। অনলাইনে আইএসের নতুন কর্মী সংগ্রহ বন্ধে ‘লাইক আক্রমণ’ ফলপ্রসূ হবে বলে মনে করছেন তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 04:57 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

এক্ষেত্রে স্যান্ডবার্গ ফেইসবুকের জার্মান ব্যবহারকারীদের উদাহরণ টেনেছেন। সম্প্রতি ফেইসবুকে একটি ‘নিও-নাজি’ দলের পেইজে ইতিবাচক মেসেজ আর লাইক দিয়ে ‘ফ্লাড’ করে দেন জার্মান ব্যবহারকারীরা।

ওই উদাহরণ টেনে স্যান্ডবার্গ ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এ নিজের বক্তব্যে বলেন, “যে পেইজটি এক সময় ঘৃণা ও হিংসাত্মক কনটেন্ট দিয়ে পূর্ণ ছিল সেটি এখন সহনশীলতা আর আশার বাণী দিয়ে পরিপূর্ণ।”

“আইএসের কর্মী নিয়োগের বন্ধে সবচেয়ে কার্যকরী অস্ত্র হল, আইএসে যোগ দিয়েছিলেন, সংগঠনটিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা হয়েছে, এরপর ফিরে এসে সবাইকে সত্যিটা জানাচ্ছেন এমন ভুক্তভোগীদের বক্তব্য। সেটাই হবে আইএসের প্রোপাগান্ডার সেরা উত্তর।”—যোগ করেন তিনি।

অন্যদিকে, আইএস কর্মীদের অনলাইন থেকে হটাতে পারলে তা সবার জন্যই বড় জয় হবে মন্তব্য করছেন অ্যালফাবেট ইনকর্পোরেটেড এর ‘গুগল আইডিয়াস’ পরিচালক জ্যারেড কোহেন।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইনের আইএসের দৌরাত্ব ঠেকাতে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন মার্কিন রাজনীতিবিদদের অনেকেই।