২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিন্তায় চলবে কম্পিউটার!

মস্তিষ্কে স্থাপনযোগ্য চিপ ‘ওয়েটওয়্যার’ বানানোর প্রকল্প হাতে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের সঙ্গে সরাসরি মানব মস্তিষ্কের সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

নতুন ওই প্রযুক্তির বদৌলতে ব্যবহারকারীরা তাদের চিন্তাশক্তির মাধ্যমেই কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানিয়েছে স্কাই নিউজ। 

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডার্পা) ওই গবেষণা কার্যক্রম চালু করেছে। এর সঙ্গে কিছুটা মিল রয়েছে এমন অতীত সাফল্যগুলোর উপর ভিত্তি করে সামনে আগাবেন গবেষকরা।

‘ওয়েটওয়্যার’ প্রযুক্তির ভাবনা ডার্পার জন্য নতুন নয়। আগের ‘ওয়েটওয়্যার’ প্রযুক্তিকে সম্পর্কে ডার্পা জানিয়েছে, এটা অনেকটা দুটি ‘সুপারকম্পিউটার একটি পুরনো মডেম ব্যবহার করে নিজেদের মধ্যে আলাপ করছে’-এমন।

ওই প্রকল্পের ব্যবস্থাপক ফিলিপ আলভেডা বলেন, “মানব মস্তিষ্ক আর আধুনিক ইলেকট্রনিক্সের মধ্যে যোগাযোগের রাস্তা খুলে দেওয়ার প্রযুক্তি উন্নত করতে পারলে কী করা সম্ভব তা ভেবে দেখুন।”

নতুন গবেষণা প্রকল্প নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ডার্পা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই শীর্ষস্থানীয় গবেষকদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে সংস্থাটি।

সামরিক বাহিনীর বিভিন্ন কাজে ব্যবহারের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে এই প্রযুক্তি ব্যবহার হতে পারে বলে জানিয়েছে স্কাই নিউজ।