কোডারদের জন্য অ্যাপলের প্রশিক্ষণ কেন্দ্র
নিজস্ব ‘অ্যাপ স্টোর’-এর জন্য অ্যাপ তৈরিতে ‘নতুন প্রজন্মের’ কোডারদের প্রশিক্ষণ দিতে ইতালির নেপলসে নতুন ‘ট্রেইনিং সেন্টার’ চালু করার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
অদুর ভবিষ্যতে কোডিংয়ের জন্য দক্ষ জনশক্তির অভাবের আশঙ্কায় ভুগছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। পুরো প্রযুক্তি শিল্প যখন ওই আশঙ্কা মোকাবেলার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এমন সময়ে নতুন প্রশিক্ষণ কেন্দ্র খোলার ঘোষণা দিল অ্যাপল।
শুধু ইতালির নেপলস শহরেই নয়, অ্যাপল বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ কেন্দ্র চালু করার আশা করছে বলে জানিয়েছে বিবিসি।
নতুন প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে অ্যাপল সিইও টিম কুক বলেন, “বিশ্বের সবচেয়ে সৃজনশীল ডেভেলপারদের একটা বড় অংশের বাস ইউরোপে। ইতালির নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় সাহায্য করতে পেরে আমরা রোমাঞ্চিত।”
অ্যাপলের দাবি, প্রতিষ্ঠানটির নিজস্ব অ্যাপ স্টোর-এর বদৌলতে ১৪ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে ইউরোপে। এর মধ্যে শীর্ষে আছে যুক্তরাজ্য, দেশটির ২ লাখ ৪২ হাজার ডেভেলপার অ্যাপ স্টোরের জন্য অ্যাপ নির্মাণ করছেন। ২ লাখ ৯ হাজার ডেভেলপার নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানী।
বাজারে অ্যাপলের ‘অ্যাপ স্টোর’-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী গুগল প্লে। ওয়েব জায়ান্ট গুগলের নিয়ন্ত্রিত অ্যাপ স্টোরটির কারণে শক্ত লড়াইয়ের মুখোমুখী হচ্ছে অ্যাপল।
স্মার্টফোন অ্যাপ বাজারের সিংহভাগই গুগলের দখলে। তবে এই প্লাটফর্মটিতে বিভিন্ন অ্যাপের পেছনে ব্যবহারকারীদের খরচ তুলনামূলক কম হয়। অন্যদিকে, অ্যাপ থেকে হওয়া আয়ের হিসেবে গুগলের থেকে অ্যাপল এগিয়ে আছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি।
