অক্ষরের সীমা উঠাচ্ছে সিনা উইবো
একটি পোস্টে সর্বোচ্চ অক্ষরের সীমা বাড়াতে যাচ্ছে চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম সিনা উইবো।
একটি পোস্টে মোট অক্ষর, নাম্বার আর সিম্বল সংখ্যা নিয়ে থাকা সীমা উঠিয়ে দিতে যাচ্ছে সাইটটি।
এতদিন এতে ১৪০টি পর্যন্ত অক্ষর লেখার সীমা দেওয়া ছিল। তবে, চলতি বছর ২৮ জানুয়ারি থেকে এ সীমা থাকছে। কিছু ব্যবহারকারীকে বড় পোস্ট করতে দেওয়া হবে যদিও সবগুলো টেক্সট সঙ্গে সঙ্গেই ফলোয়ারের ফিডে দেখানো হবে না।
জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারেও ১৪০ অক্ষরের সীমা রাখা আছে। চলতি বছরের শুরুতে এ সীমা তুলে দেওয়ার কথা বলা হয়। বছরের প্রথম প্রান্তিকেই এ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও, এক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো তারিখ উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।
সিনা উইবো-কে চীনের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট হিসেবে উল্লেখ করেছে বিবিসি। নতুন এই ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রতিষ্ঠানটির প্রধান ওয়েং গাওফি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে চীনের সংবাদসংস্থা সিনহুয়া।
পাঠকদের ফিডে ১৪০ অক্ষর পর্যন্তই দেখানো হবে। তবে, একটি লিঙ্কে ক্লিক করে বেশি অক্ষরের কনটেন্টগুলো দেখতে পারবেন। নতুন এই ফিচার চালুর শুরুর দিকে শুধু 'জ্যেষ্ঠ ব্যবহারকারীরা' এই সুবিধা ভোগ করতে পারবেন। ফেব্রুয়ারির শেষ দিকে সব সদস্যের জন্য এই ফিচার আনার কথা রয়েছে।
চীনা এই প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ২০ কোটি, যা টুইটারের দুই তৃতীয়াংশ।
চলতি বছরের শুরুতে টুইটার প্রধান জ্যাক ডরসি বলেন, “টুইটারে মানুষকে আরও বেশি সুযোগ ও ক্ষমতা দিতে আমরা মোটেও সঙ্কোচবোধ করব না।”
