২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধবার কাছে হার মানলো অ্যাপল

কোনো ব্যাক্তি মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রেই তার সব সম্পত্তি স্ত্রী আর সন্তানেরা পাবেন, প্রচলিত নিয়ম তো তাই বলে। কিন্তু মুখে মুখে এমন নিয়ম মানতে নারাজ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। উত্তরাধিকার দাবি করতে হলে আদালতের নির্দেশ সাফ জানিয়েছে তারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 04:51 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

মূল ঘটনা হল ২০১৫ সালের অগাস্টে স্বামীকে হারান পেগি বুশ নামের কানাডার একজন নারী। মৃত স্বামীর অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে আইপ্যাডে একটি কার্ড গেইম খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু পাসওয়ার্ড ছাড়া তো ঢোকা সম্ভব নয়। অগত্যা পাসওয়ার্ড পুনরুদ্ধারে মেয়েকে অ্যাপলে ফোন করতে বলতে বলেন তিনি। কিন্তু তার মেয়ে জানান, ফোন করার পর অ্যাপল জানিয়েছে, নতুন একটি অ্যাপল আইডি অ্যাকাউন্ট খুলে সব কিছু নতুন করে কিনতে হবে, আর তা না করে যদি আগের পাসওয়ার্ড ফেরত চান তবে আদালতের আদেশ দরকার হবে।

অ্যাপলের কথা শুনে হতভম্ব ৭২ বছর বয়সী ওই বিধবা। তিনি বলেন, "আমার কাছে শুধু আইপ্যাড ছিল। আমি এটা বুঝিনি তার (মৃত স্বামী) কোনো নির্দিষ্ট পাসওয়ার্ড আছে যা আমার জানা উচিত ছিল...... এটা আমার জন্য অনেক বিভ্রান্তিকর...... এটা কোনো ভাবেই আমার মাথায় ঢুকছে না।"

অ্যাপলের আদালতের আদেশ চাওয়ার বিষয়টিকে ‘হাস্যকর’ বলে অবহিত করেছেন ওই বিধবার মেয়ে ডোনা। তিনি বলেন, "আমি বলেছি এটা হাস্যকর, কারণ আমরা বাড়ির মালিকানা পরিবর্তন করতে পেরেছি, গাড়ির ক্ষেত্রে পেরেছি, সব কিছুর ক্ষেত্রেই পেরেছি, শুধু একটি মৃত্যু সনদ আর উত্তরাধিকার সনদের মাধ্যমে।"

সেই সঙ্গে তিনি বলেন, "আমি পেনশন পেতে পারি, তার লাভ পেতে পারি, কেন্দ্রীয় সরকার আর অন্যান্য সরকারী কার্যালয়ের আওতায় থাকা সব কিছুই আমি পেতে পারি। কিন্তু অ্যাপল থেকে, আমি সামান্য একটা পাসওয়ার্ড পাচ্ছি না। এটা অর্থহীন।"

কিন্তু অ্যাপল নাছোড়বান্দা! প্রতিষ্ঠানটির শর্তাবলীতে উল্লেখ করা আছে যে, কেউ মারা গেলে তার অ্যাকাউন্ট মুছে ফেলা যেতে পারে, কিন্তু পুনরুদ্ধার সম্ভব নয়। তাদের চুক্তিতে বলা আছে, "যদি না আইনিভাবে তা দরকার না হয়, আপনার আকাউন্টের মালিকানা পরিবর্তনযোগ্য নয় আর আপনি মারা যাওয়ার পর আপনার অ্যাপল আইডি বা তার কনটেন্ট-এর উপর থাকা যে কোনো ধরনের অধিকার শেষ হয়ে যাবে- এ বিষয়ে আপনি রাজি।"

কিন্তু শেষ পর্যন্ত এইক্ষেত্রে নিজেদের নীতিমালা থেকে সরে এসেছে অ্যাপল। ওই নারীকে আদালতের আদেশ ছাড়াই অ্যাকাউন্টটি অ্যাকসেস করতে দিয়েছে তারা।