এক্সবক্স ওয়ানে নতুন সফটওয়্যার আপডেট
ভিডিও গেইম কনসোল এক্সবক্স ওয়ান-এর গেইমারদের জন্য নতুন সফটওয়্যার আপডেট নিয়ে আসছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। নতুন ওই আপডেটটির ফলে গেইমাররা কনসোলটিতে আরও স্মার্ট হোমস্ক্রিন এবং লিডারবোর্ডস পাবেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন এই আপডেটটি সব গেইমারের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। আপডেটটির একটি অংশ হিসেবে আগের তুলনায় আরও সাজানো হোমস্ক্রিন পাবেন গেইমাররা। এর ফলে এক্সবক্স গেইমাররা ‘পিনস’ নতুন করে সাজাতে পারবেন এবং নতুন কোনো তথ্য আসামাত্র নিজের অ্যাক্টিভিটি ফিড আপডেট করতে পারবেন। এ ছাড়াও নতুন আপডেটে হোমস্ক্রিনে গেইমস্কোর লিডারবোর্ড দেখা যাবে যা গেইমারকে প্রতিযোগিতামূলকভাবে গেইম খেলার ক্ষেত্রেও সহযোগিতা করতে পারবে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
শুধু এগুলো নয়, নতুন সফটওয়্যার আপডেটের ফলে এক্সবক্স গেইমাররা বন্ধুর গেইম হাব বা টাইটেলের মাধ্যমে সহজেই ‘টুইচ’ স্ট্রিমে যোগ দিতে পারবে। এ ছাড়াও আপডেটটির ফলে গেইমার বন্ধুর কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি যে কনটেন্টগুলো গেইমার ইনস্টল করতে চান না, সেগুলোও হাইড করে রাখতে পারবেন তিনি।
ফেব্রুয়ারি মাসে আপডেটটি সব গেইমারের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিলেও, ঠিক কত তারিখে আপডেটটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি এক্সবক্স নির্মাতা মাইক্রোসফট। বর্তমানে শুধু এক্সবক্স ওয়ান-এর প্রিভিউ প্রোগ্রাম ব্যবহারকারীরাই নতুন ওই আপডেটটির সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে এনগ্যাজেট।
