২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়িক নিরাপত্তায় নতুন ইনটেল প্রসেসর

ব্যবসায়িক গ্রাহকদের জন্য ষষ্ঠ প্রজন্মের ‘কোর ভিপ্রো’ প্রসেসর উন্মোচন করেছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই প্রসেসর এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবসায়ীদের প্রতিদিনের নিরাপত্তাবিষয়ক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে এবং ব্যবসায়িক উৎপাদনশীলতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বিষয়টি নিশ্চিত করতে নতুন এই সিলিকন চিপটিতে ‘ইনটেল অথেনটিকেশন’ ফিচার দিয়েছে ইনটেল। এর মাধ্যমে এবারই প্রথম হার্ডওয়্যার সমস্যা নিরসনে ‘মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন’ অবলম্বন করা হল। ইনটেল-এর এই ফিচারের ফলে যে ডিভাইসে এ চিপ ব্যবহার করা হবে, ওই ডিভাইস সহজে হ্যাক করা সম্ভব হবে না।

ইনটেল-এর ওই নিরাপত্তা ফিচারে কোনো পাসওয়ার্ড নেই, কিন্তু ফিচারটিতে প্রবেশ করতে গ্রাহককে অবশ্যই তিনটি সমন্বিত স্তর পার করতে হবে। স্তর তিনটির মধ্যে প্রথমটিতে গ্রাহককে ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো কিছুর মাধ্যমে নিজ পরিচয় সম্পর্কে নিশ্চিত করতে হবে, দ্বিতীয় ধাপে শুধু ওই গ্রাহকেরই রয়েছে এমন কোনো তথ্য জানাতে হবে, এক্ষেত্রে সে তথ্যটি হতে পারে গ্রাহকের ব্যক্তিগত মোবাইল নাম্বার এবং শেষ ধাপে শুধু গ্রাহক জানেন এমন ব্যক্তিগত তথ্য দিতে হবে, সেটি হতে পারে তার ব্যক্তিগত আইডেন্টিফিকেশন নাম্বার বা একান্ত ব্যক্তিগত কোনো তথ্য।

নিজেদের নতুন প্রসেসর সম্পর্কে ইনটেল বিজনেস ক্লায়েন্ট বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট টম গ্যারিসন বলেন, “দুর্দান্ত, নতুন ও চোখ ধাঁধানো ডিজাইন, অধিক কার্যক্ষমতা, এবং দীর্ঘ ব্যাটারি লাইফ-এর মাধ্যমে ষষ্ঠ প্রজন্মের জেন ইনটেল কোর ও ইনটেল কোর ভিপ্রো প্রসেসর ব্যবসায়িক কম্পিউটিংয়ের ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করছে। এ ছাড়াও হার্ডওয়্যারের নিরাপত্তা ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ইনটেল নতুন এই পিসিগুলোকে ব্যবসায়িক নিরাপত্তা সমাধানের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে এবং গ্রাহকদেরকে আগের তুলনায় আরও নিরাপদ ও  কার্যক্ষম করে তুলেছে।       

অন্যদিকে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর জন্য খুব শীঘ্রই নতুন এই প্রসেসর নিয়ে আসতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল, যাতে তারা বিষয়টি পরীক্ষা করে দেখতে পারে। এ ছাড়া ওই ইনটেল অথেনটিকেট প্রক্রিয়া উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০ এ চালানো সম্ভব হবে।