২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গতি বাড়বে ক্রোমের

এক লাফে ২৬ শতাংশ গতি বাড়তে যাচ্ছে ‘গুগল ক্রোম’ ব্রাউজারের। ব্রাউজারের অ্যালগরিদমে ছোট একটি পরিবর্তনের কারণেই ওই বাড়তি গতি যোগ হবে ওয়েব জায়ান্ট গুগলের তৈরি নিজস্ব ব্রাউজারে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 04:37 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

নতুন ‘ব্রটলি’ প্রযুক্তি আনছে গুগল যা ক্রোমের ‘জপপ্লি’ ইঞ্জিনকে প্রতিস্থাপন করবে। আর অ্যালগরিদমের ওই পরিবর্তনের কারণেই ক্রোম ব্রাউজার থেকে ব্রাউজিংয়ের গতি বাড়বে ব্যাপক হারে।

‘ব্রটলি’-এর ব্যবহারে ডেটা ট্রান্সফার ফি এবং ব্যাটারির বিদ্যুৎ শক্তি খরচ উভয়ই কমবে বলে দাবি করেছে গুগল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল ‘ব্রটলি’ বাজারজাত করবে—এমনটাই আশা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

গুগল ক্রোম সাধারণত স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ডাউনলোড করে ইনস্টল করে। তাই নতুন আপডেট ডাউনলোড ও ইনস্টল হয়ে গতি বাড়ার পরও ব্যবহারকারীরা ব্যাপারটি টের না পেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মন্তব্য করেছে ইনডিপেনডেন্ট।

“ব্রটলি কমপ্রেশন আপনার ক্রোম ব্রাউজারে আসছে এবং এটা সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য তৈরি”—মন্তব্য করেছেন গুগলের ইঞ্জিনিয়ার ইলইয়া গ্রিগোরিক।

অন্যান্য ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ওই প্রযুক্তি গ্রহন করবে এবং এটি একটি ‘নতুন ডেটা ফরম্যাট’-এ পরিণত হবে বলে আশা করছে গুগল।