আবারও টুইটারে ‘যান্ত্রিক বিভ্রাট’
মঙ্গলবার আবারও যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল মাইক্রোব্লগিং সেবা টুইটার। সাইটটির ওয়েব সংস্করণ অ্যাক্সেস করতে পারছিলেন না ব্যবহারকারীদের অনেকেই। মোবাইল ডিভাইস থেকে মাইক্রোব্লগিং সেবাটি ব্যবহার করেন এমন অনেকেই টু্ইট করতে পারছিলেন না এবং পড়তে পারছিলেন না কোনো পোস্ট।
বর্তমানে ৩০ কোটির বেশি নিয়মিত ব্যবহারকারী আছে টুইটারে। যান্ত্রিক ত্রুটির খবর নিশ্চিত করতে টুইট করাই ‘উপযুক্ত’ হবে বলে ধরে নিয়েছিল টুইটার। তবে ব্যবহারকারীদের অনেকেই তাদের অভিযোগ জানানোর মাধ্যম হিসেবে ফেইসবুককে বেছে নিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।
টুইটার কর্তৃপক্ষের টুইটে বলা হয়েছে, “টুইটার অ্যাক্সেস করতে কিছু ব্যবহারকারী জটিলতার শিকার হচ্ছেন। আমরা ওই জটিলতার ব্যাপারে জানি এবং এর সমাধানে কাজ করছি।”
ডাউন ডিটেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৮টা নাগাদ শুরু হয় টুইটারের যান্ত্রিক ত্রুটি।
এই যান্ত্রিক ত্রুটি টুইটার সিইও জ্যাক ডরসির জন্য বাড়তি মাথাব্যথার যোগান দেবে বলে মন্তব্য করেছে বাজার বিশ্লেষক ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভান। বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপকে সরাসরি টুইটারের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করতো যে ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেইস (এপিআই)’ তাতেও সৃষ্টি হয়েছিল যান্ত্রিক ত্রুটি।
