ফিটনেস স্টার্টআপ প্রতিষ্ঠা করবেন কস্টোলা
ভিন্নধর্মী ফিটনেস স্টার্টআপ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সাবেক টুইটার প্রধান ডিক কস্টোলো এবং ফিটনেস স্টার্টআপ ফিটিফাই-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ব্রায়ান ওকি। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন কস্টোলো।
কস্টোলো এবং ওকি মিলে যে নতুন ফিটনেস স্টার্টআপটি প্রতিষ্ঠা করবেন, তা সাধারণদের জন্য নয় বরং ফিটনেস পেশাদারদের লক্ষ্য করেই প্রতিষ্ঠা করা হচ্ছে। নতুন ওই স্টার্টআপটির মাধ্যমে ফিটনেস পেশাদার, কোচ, থেরাপিস্ট এবং সংশ্লিষ্ট অন্যরা সেবা পাবেন।
এ প্রসঙ্গে কস্টোলো টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছেন, “এই প্লাটফর্মটি সম্পূর্ণ বিষয়কে আরও উদ্বুদ্ধ করবে ও উন্নয়ন ঘটাবে এবং এই পথকে আরও আনন্দদায়ক ও সামাজিক করে তুলবে।” কস্টোলো এ প্রসঙ্গে আরও জানান, “‘ওয়েলনেস’ পেশাদার থেকে শুরু করে ফিটনেস কোচ, ফিজিকাল থেরাপিস্ট, নিউট্রিশিয়ানস এবং আরও অনেকের জন্যই আমাদের প্লাটফর্মটি হবে শৃঙ্খলা সৃষ্টির ও অভিজ্ঞতার পরিসর বৃদ্ধির আরও সহজ এবং নমনীয় একটি পথ।”
এ ছাড়া নতুন ওই স্টার্টআপ সম্পর্কে আর কোনো তথ্য জানাননি কস্টোলো। তবে এই স্টার্টআপ প্রতিষ্ঠা বাদেও ইনেডেক্স ভেঞ্চার্স-এ অংশীদার হিসেবে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন কস্টোলো। টুইটারের পর থেকে ‘সিলিকন ভ্যালি’ নামের একটি অনুষ্ঠানে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু নতুন এই স্টার্টআপ প্রতিষ্ঠার পরও ওই দায়িত্বে থাকবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস।
