ক্লাউডে মাইক্রোসফটের শতকোটি ডলার
জনকল্যাণে কাজ করছে এমন প্রতিষ্ঠানগুলোকে ক্লাউড কম্পিউটিং খাতে সহযোগিতা করার জন্য ১শ’ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। আগামী ৩ বছরের মধ্যে ৭০ হাজার অলাভজনক সংগঠন এবং ৯শ’ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অনুদান হিসেবে দেওয়া হবে ওই তহবিল।
নতুন উদ্যোগ নিয়ে মাইক্রোসফটের প্রধান আইন কর্মকর্তা ব্র্যাড স্মিথ এক ব্লগ পোস্টে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ সমাধানে বড় ভূমিকা রাখতে পারে ক্লাউড সেবাগুলো।”
এ ছাড়াও ইন্টারনেট সংযোগ বঞ্চিতদের কাছে ওই সেবা পৌঁছে দিতেও খরচ করা হবে মাইক্রোসফটের তহবিল। আশা করা হচ্ছে এর মাধ্যমে সম্প্রতি ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে এমন দেশগুলোতে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে এবং ব্রডব্যান্ডের মতো উচ্চগতির ইন্টারনেট সংযোগ সেবা পৌঁছাবে সাধারণ ব্যবহারকারীদের হাতে।
অন্যদিকে প্রায় একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক। ইন্টারনেট সংযোগের আওতা বাড়াতে ড্রোন নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ইন্টারনেট ডটঅর্গ প্রকল্পের ‘ফ্রি বেসিক্স’ অ্যাপের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পরেছে ফেইসবুকের ওই প্রকল্প। এর পক্ষে যেমন অনেকেই আছেন, তেমনি ওই প্রকল্পের মাধ্যমে নেট নিরপেক্ষতা লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রযুক্তি জগতের অনেকেই। সমালোচনার মুখে সম্প্রতি ভারতে স্থগিত করা জয়েছে ‘ফ্রি বেসিকস’ সেবা।
মাইক্রোসফটের বিরুদ্ধেও একই অভিযোগ উঠতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বিবিসি। অন্যদিকে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তিগত উন্নয়নে মাইক্রোসফটের সম্পদ ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন একাধিকবার। নিজের দেশ ভারতকে আলাদা গুরুত্বও দিচ্ছেন তিনি।
