২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টর থেকেই চলবে ফেইসবুক অ্যাপ

পরিচয় গোপন ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার হিসেবে পরিচিত টর। এখন এই ব্রাউজার দিয়ে ফেইসবুক ব্যবহার করতে পারবেন এর অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

এতদিন ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত কম্পিউটার থেকে টর ব্রাউজার ব্যবহার করে সরাসরি ফেইসবুকে অ্যাকসেস করতে পারতেন। নতুন এই ফিচারের মাধ্যমে এখন তারা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকেও এই সুবিধা পাবেন। হ্যাকারদের সহজে দমনে নীতিনির্ধারকদের সহায়তা করতে ডিজিটাল প্রাইভেসি বন্ধ করা উচিত, নীতিমালা প্রণয়নকারী আর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এমন বিতর্কের মাঝে নতুন এই সুবিধা আনল বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। 

বর্তমানে বিশ্বব্যাপী ফেইসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড়শ' কোটি। টরের মাধ্যমে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চালানোর এ সুবিধার ফলে টর ব্যবহারের পরিসর আরও বাড়াবে বলে মনে করেন টর-এর মুখপাত্র কেইট ক্রুস। এনক্রিপটেড মেসেজিং সার্ভিস 'সিগন্যাল' এর মাধ্যমে তিনি বলেন, “দুনিয়ার সবারই অনলাইনে আরও প্রাইভেসি দরকার আর প্রায় সবাই ফেইসবুক ব্যবহার করেন। এর ফলে মানুষ তাদের স্থান শেয়ার করবে কি না তা বাছাইয়ের সুযোগ পাবেন। কিছু মানুষের জন্য, এটি শুধু সুবিধা আর বাকিদের জন্য এটি জীবন রক্ষাকারী।”

ফেইসবুকের আইফোন অ্যাপ সমর্থনে টরের কোনো পরিকল্পনাই নেই বলে জানান তিনি।

এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, ২০১৪ সালে কম্পিউটার থেকে টরের মাধ্যমে ফেইসবুক ব্যবহারের সুবিধা আনার পর ‘উল্লেখযোগ্য সংখ্যক মানুষ’ এটি ব্যবহার শুরু করেন। এর ফলে টর নিয়ে বাড়তি সুবিধা আনার বিষয়টি উৎসাহ পায়।  

নতুন এই সুবিধা পেতে অ্যান্ড্রয়েডে অরবোট নামের একটি অ্যাপ ডাউনলোড ও ফেইসবুক অ্যাপ সেটিংস অ্যাপ আপডেট করতে হবে।