২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং স্মার্টফোন বিক্রিতে নিষেধাজ্ঞা

অনুমতি ছাড়া নিজ স্মার্টফোনে অ্যাপল মালিকানাধীন পেটেন্ট ব্যবহার করায়, এবার বোধহয় আরেক দফা মূল্য দিতে হল দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংকে। কারণ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ফেডারেল আদালত অ্যাপলের পক্ষে রায় তো দিয়েছেই, সে সঙ্গে পেটেন্ট আইন ভেঙে স্যামসাং যে স্মার্টফোনগুলো তৈরি করেছিল, দেশটিতে ওই স্মার্টফোনগুলোর বিক্রির ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

ক্যালিফোর্নিয়ার ওই ফেডারেল আদালতের বিচারক রায়ে জানিয়েছেন, স্যামসাং ‘স্লাইড-টু-আনলক’ ও ‘অটোমেটিক কারেকশন’-সহ অ্যাপল মালিকানাধীন মোট তিনটি পেটেন্ট কোনো অনুমতি ছাড়াই নিজ ফোনে ব্যবহার করে পেটেন্ট আইন লংঘন করেছে।

আর এ কারণে স্যামসাংয়ের প্রথমদিকের যে ফোনগুলোতে ওই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যুক্তরাষ্ট্রে সেগুলো বিক্রির ব্যাপারে আপাতত নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। আর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হবে আরও ৩০ দিন পর থেকে।

আদালতের ওই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে স্যামসাংয়ের অ্যাডমায়ার, গ্যালাক্সি নেক্সাস, গ্যালাক্সি নোট, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি এস ২ এপিক ৪জি টাচ, গ্যালাক্সি এস ২ স্কাইরকেট, গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনগুলো এবং স্ট্র্যাটোস্ফিয়ার ডিভাইস।

সাম্প্রতিক এই রায়ের সপ্তাহ কয়েক আগেই পৃথক এক অ্যাপল-স্যামসাং মামলায়  অ্যাপলকে ক্ষতিপূরণ হিসেবে ১২ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই রায়ের বিরুদ্ধে অবশ্য আপিল করবে বলেই জানিয়েছে স্যামসাং।