‘গুগল এক্স’ এখন শুধুই ‘এক্স’
নিজস্ব গবেষণা এবং উদ্ভাবন বিভাগ ‘গুগল এক্স’ নিয়ে সব সময়ই গোপনীয়তা বজায় রেখেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। কিন্তু গেল বছর গুগলের ব্যবস্থাপনা এবং অবকাঠামোয় যে আমূল পরিবর্তন এসেছে তারই ধারাবাহিকতায় এবার পরিবর্তন এল ‘গুগল এক্স’-এ। নাম ও লোগো পাল্টে ‘গুগল এক্স’-কে এখন শুধু ‘এক্স’-এ পরিণত করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড।
‘গুগল এক্স’ এখন থেকে চিহ্নিত হবে শুধুই ‘এক্স (X)’ নামে। এর লোগোটিও দেখতে একটি ত্রিমাত্রিক ‘X’-এর মতোই। সার্চ ইঞ্জিন কেন্দ্রিক ব্যবসা থেকে একেবারেই আলাদা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ‘এক্স’।
প্রাতিষ্ঠানিক অবকাঠামোয় আমূল পরিবর্তনের ধারাবাহিকতায় সবগুলো বিভাগকে আলাদা আলাদা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাচ্ছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড। তবে সবগুলো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকবে অ্যালফাবেটের হাতেই।
নতুন এবং ক্ষেত্রবিশেষে গোপন প্রকল্প নিয়ে কাজ করার জন্য পরিচিতি ছিল ‘গুগল এক্স’-এর। ‘নতুন নতুন উদ্ভাবন দিয়ে বিশ্বের সবচেয়ে জটিল সমস্যাগুলোর সমাধান করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য’--জানিয়েছে সিএনএন।
এখন চালকবিহীন স্বনিয়ন্ত্রিত গাড়ির পাশাপাশি ওয়াই-ফাই বেলুন, ড্রোন, রোবটিক্স এবং স্মার্টগ্লাস প্রকল্প নিয়েও কাজ করবে এক্স।
সার্চ ইঞ্জিন কেন্দ্রিক মূল ব্যবসা থেকে ‘গুগল এক্স’-কে অ্যালফাবেট ইনকর্পোটেড আলাদা করে ফেলেছিল ২০১৫ সালে। এবার নাম ও লোগো পাল্টে আগের পরিচয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির দুরত্ব আরও বাড়ানো হল। এর ফলে বিনিয়োগকারীদের কাছে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা আরও সহজ হবে বলে মনে করছে গুগল। ফ্রেবুয়ারি মাসে প্রথমবারের মতো প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে অ্যালফাবেট।
অন্যদিকে ‘গুগল এক্স’ বিভাগের অধীনেই কাজ শুরু হয়েছিল গুগল স্মার্টগ্লাসের। ‘গুগল গ্লাস’-কে প্রতিষ্ঠানটির সবচেয়ে আলোচিত পণ্য হিসেবেও বিবেচনা করেন কেউ কেউ। শুরুতে প্রযুক্তিপণ্যের বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারলেও পরবর্তীতে অবস্থান ধরে রাখতে পারেনি ‘গুগল গ্লাস’। পরবর্তীতে প্রতিষ্ঠান ভাগ হওয়ার সময় ম্যাপস, জিমেইল, ইউটিউব এবং হ্যাংআউটের মতো গুগলের অধীরে রয়ে যায় ‘গুগল গ্লাস’ প্রকল্প।
