২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উই ইউ’-তে আসছে ‘স্টোরি মোড’

‘মাইনক্র্যাফট: স্টোরি মোড’ খেলতে পারছিলেন না বলে ‘উই ইউ’ গেইমারদের অনেকেই হয়তো খানিকটা অভিমান করেছিলেন। এবার তাদের সেই অভিমান ভাঙাতে কনসোলটির জন্য ‘মাইনক্র্যাফট: স্টোরি মোড’ উন্মুক্ত করতে যাচ্ছে গেইমটির নির্মাতা মোজ্যাং এবং ইনডি গেইম ‘দ্য ওয়াকিং ডেড’-এর নির্মাতা টেলটেল গেইমস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

‘উই ইউ’ কনসোলে ‘মাইনক্রাফট: স্টোরি মোড’ যোগ হবে ২১ জানুয়ারি। সোমবার এই ঘোষণা দিয়েছে টেলটেল গেইমস।

এক্সবক্স ৩৬০, এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ৩, প্লেস্টেশন ৪, পিসি, আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘মাইনক্র্যাফট: স্টোরি মোড’-এর আলাদা আলাদা সংস্করণ বাজারজাত করেছিল মোজ্যাং। সেই হিসেবে এতদিন ‘বঞ্চিত’ হয়েই ছিলেন ‘উই ইউ’ কনসোলের গেইমাররা।

সবগুলো প্লাটফর্মের জন্যই গেইমটির ৫টি এপিসোড বাজারজাত করেছে নির্মাতা মোজ্যাং। তবে উই ইউ কনসোলে ২১ জানুয়ারি শুধু প্রথম এপিসোড ‘দ্য অর্ডার অফ দ্য স্টোন’ যোগ হচ্ছে। বাকি এপিসোডগুলোর জন্য উই ইউ গেইমারদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

এপিসোডগুলো ডাউনলোড করতে হবে ‘ইশপ’ থেকে। প্রতিটি এপিসোডের দাম হবে ৫ ডলার করে। ‘সিজন পাস’ প্যাকেজের অংশ হিসেবে গেইমাররা সবগুলো এপিসোড কিনতে পাবেন ২০ ডলারে।