২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্রি’ হল হোয়াটস অ্যাপ

একেবারে বিনামূল্যে ব্যবহার করা যাবে মেসেজিং অ্যাপ ‘হোয়াটস অ্যাপ’। অর্থ্যাৎ, প্রথম ১২ মাস শেষে এখন থেকে আর কোনো সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে না অ্যাপটির ব্যবহারকারীদের।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 07:40 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

‘হোয়াটস অ্যাপ’ প্রথমবারের মতো ব্যবহার শুরু করার ১২ মাস পর থেকে বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিতে হত ব্যবহারকারীদের। কিন্তু অ্যাপটির শীর্ষ কর্মকর্তাদের নতুন সিদ্ধান্তে কোনো খরচ ছাড়াই অ্যাপটি ব্যবহার করা যাবে এখন থেকে।

প্রশ্ন উঠেছে; ব্যবহারকারীদের কাছ থেকে কোনো সাবস্ক্রিপশন চার্জ না নিলে হোয়াটস অ্যাপ-এর আয়ের উৎস কী হবে? তবে কি বিজ্ঞাপন খাতের দিকে ঝুঁকবে হোয়াটস অ্যাপ? না, এমন সম্ভাবনাও নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম ১২ মাস শেষে সাবস্ক্রিপশন চার্জ জুড়ে দেওয়ার কৌশল থেকে খুব একটা ভাল ফলাফল আসেনি বলে জানিয়েছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “অনেক হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর ডেবিট বা ক্রেডিট কার্ড নেই। আর এ কারণে প্রথম বছর শেষে নিজেদের বন্ধু আর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা নিয়ে তারা উদ্বিগ্ন। এজন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা আমাদের অ্যাপের বিভিন্ন সংস্করণ থেকে সাবস্ক্রিপশন চার্জ উঠিয়ে নেব। হোয়াটস অ্যাপ এর সেবার জন্য আর কোনো চার্জ নেওয়া না।” 

ইতোমধ্যে শত কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে ফেইসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপ। আরও বেশি মানুষ এটি ব্যবহার করবে বলে আশা প্রতিষ্ঠানটির। আয়ের উৎস নিয়ে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের বক্তব্য, “আমরা এমন কিছু টুল পরীক্ষা করব যা দিয়ে আপনি হোয়াটস অ্যাপ থেকেই আপনার পছন্দমতো ব্যবসা প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”

হয়তো অদুর ভবিষ্যতেই হোয়াটস অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠিয়ে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বা ফ্লাইট সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারবেন ব্যবহারকারীরা, প্রতিষ্ঠানটির কথায় এমনই ইঙ্গিত পেয়েছে বিবিসি।