বন্ধ হচ্ছে ‘ফ্রেন্ডস রিইউনাইটেড’
বন্ধ করে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফ্রেন্ডস রিইউনাইটেড’। বর্তমান সময়ের অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারীরই হয়তো ‘ফ্রেন্ডস রিইউনাইটেড’-এর নাম অজানা। যুক্তরাজ্যে প্রথম দিকে যে সামাজিক মাধ্যমগুলো গড়ে উঠেছিল, সেগুলোর মধ্যে ‘ফ্রেন্ডস রিইউনাইটেড’ অন্যতম।
সামাজিক মাধ্যমটি বন্ধ করে দেওয়া প্রসঙ্গে সাইটটির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ প্যাংকহার্স্ট এক ইমেইলে জানিয়েছেন, সদস্য স্বল্পতার কারণে নয়, সাইটটি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল, এখন আর এটি সে উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না, আর তাই সেবাটির ইতি টানতে যাচ্ছেন তারা।
২০০০ সালে যাত্রা শুরু করেছিল ‘ফ্রেন্ডস রিইউনাইটেড’। পরবর্তীতে ২০০৫ সালে ‘আইটিভি’ নামের একটি প্রতিষ্ঠান ২৫ কোটি ডলারের বিনিময়ে সাইটটি কিনে নিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে অন্যান্য সামাজিক মাধ্যমের সঙ্গে ঠিক সুবিধা করে উঠতে পারেনি সাইটটি। ফলাফল, ২০০৯ সালে কমিক প্রকাশক ডিসি থম্পসন-এর কাছে আড়াই কোটি পাউন্ডে বিক্রি করে দেওয়া হয়েছিল সাইটটি। কিন্তু তারাও সাইটটিকে ঠিকমতো চালাতে ব্যর্থ হন।
নতুন মালিকপক্ষের তরফ থেকে সাইটটি আবার ফিরে আসে এর প্রতিষ্ঠাতা ও তার ব্যবসায়িক অংশীদারের হাতে। সহ-প্রতিষ্ঠাতা প্যাংকহার্স্ট ও তার ব্যবসায়িক অংশীদার জেসন পোর্টার সাইটটিকে পরীক্ষামূলকভাবে চালানোর সিদ্ধান্ত নেন। পরবর্তীতে এ প্রসঙ্গে সহ-প্রতিষ্ঠাতা প্যাংকহার্স্ট এক ব্লগ পোস্টে জানান, “সাইটটি পরীক্ষামূলকভাবে চালানোর সময় আমরা বুঝতে পেরেছি, সাইটটির অধিকাংশ ব্যবহারকারীই এখন এটিকে শুধু মেসেজবোর্ড হিসেবে ব্যবহার করেন।”
প্যাংকহার্স্ট আরও জানিয়েছেন, এক কোটিরও বেশি সদস্য থাকলেও এদের সিংহভাগই নিবন্ধন করেছেন এক দশক আগে। আর সবচেয়ে বড় ব্যাপার হল সাইটটি সচল রাখতে যে খরচ হচ্ছে, সে তুলনায় কোনো আয় হচ্ছে না। এ সবকিছুই বিবেচনা করে তারা সাইটটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্রেন্ডস রিইউনাইটেড-এর ইতি টানলেও লাইফ (Liife) নামে নতুন আরেকটি সামাজিক মাধ্যম লঞ্চ করার পরিকল্পনা করছেন প্যাংকহার্স্ট। ব্যবহারকারীরা নিজেদের জীবনের মূল্যবান ঘটনাগুলো নতুন ওই সাইটটির মাধ্যমে শেয়ার করতে পারবেন।
