অ্যাপল কার্যালয়ে বোমা আতংক
সোমবার বোমা আতংকে খালি হয়ে গিয়েছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের ইউরোপিয়ান কার্যালয়। বোমা আতংকে আয়ারল্যান্ডে অবস্থিত অ্যাপলের কার্যালয় ত্যাগ করেন ৫ হাজার কর্মী।
একাধিক মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর প্রতিষ্ঠানটির ইউরোপিয়ান কার্যালয়ে সতর্কবস্থা জারি করা হয়। কার্যালয়ে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ ও সেনা বাহিনী। তল্লাশি শেষে অ্যাপল কর্মীরা এখন আবার কাজে ফিরে গেছেন বলে জানিয়েছে রয়টার্স।
আয়ারল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওই কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন। কার্যালয়টির যে অংশটিতে অধিকাংশ কর্মী কাজ করতেন, সেই অংশটিই বোমা আতংকে খালি করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ঘটনাস্থলে আইয়ারল্যান্ডে সামরিক বাহিনীর কর্মকর্তারাও অভিযান চালান। তবে কোনো সন্দেহজনক বস্তুর সন্ধান পাননি তারা।
অন্যদিকে সামরিক বাহিনীর কোনো বোমা নিষ্ক্রিয়কারী দলকে অ্যাপল কার্যালয়ে ডাকা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের একজন মুখপাত্র।
ইউরোপে অ্যাপলের সব কাজই ওই কার্যালয় থেকে তদারকি করা হয়। যুক্তরাষ্ট্রের বাইরে অ্যাপলের খোলা প্রথম ওই কার্যালয় দক্ষিণ আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশগুলোর মধ্যে কর্পোরেশন কর সবচেয়ে কম নেওয়া হয় ওই দেশটিতেই।
