২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক জায়ান্টদের বিরুদ্ধে শিশুশ্রমের অভিযোগ

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবং জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা সনির বিরুদ্ধে শিশুশ্রমের মাধ্যমে আহরণ করা খনিজ ব্যবহারের অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর অভিযোগ, প্রতিষ্ঠানগুলোর উৎপাদনকাজে যে খনিজ পদার্থের প্রয়োজন, তা সংগ্রহে শিশুদের কাজে লাগানো হচ্ছে। আর এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর যে নজর রাখার কথা, তারা সেটি রাখছে না।   

নিজস্ব প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ‘কোবাল্ট’ সংগ্রহের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো-তে সাত বছর বয়সী শিশুদেরও খনির ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠানো হচ্ছে।

প্রতিবেদনটিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও জানিয়েছে, কঙ্গোর অন্যতম খনিজ সম্পদ হচ্ছে কোবাল্ট। বিশ্বের প্রায় ৫০ শতাংশ কোবাল্ট ওই দেশটি থেকেই সংগৃহিত হয়। কিন্তু ওই খনিগুলোতে যারা কাজ করেন, তারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এবং যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন। অন্যদিকে অ্যামনেস্টি খনিতে কর্মরত শিশুদের জবানবন্দী সংগ্রহ করেছে বলে জানিয়েছে বিবিসি।

লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান হল কোবাল্ট।

ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, প্রায় ৪০ হাজার শিশু দক্ষিণ কঙ্গোর বিভিন্ন খনিতে কাজ করছে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দাবি, তারা শিশু শ্রম-এর বিষয়টিকে কোনোভাবেই সমর্থন করে না।

এ প্রসঙ্গে অ্যাপল জানিয়েছে, “আমরা আমাদের সরবরাহ চেইনে শিশুশ্রমের বিষয়টিকে কখনই উৎসাহিত করি না।”

প্রায় একই কথা বক্তব্য দিয়েছে স্যামসাং-ও। প্রতিষ্ঠানটির তরফ থেকে বলা হয়েছে, “কোনো সরবরাহ চেইনে শিশুশ্রমের প্রমাণ পাওয়া গেলে ওই সরবরাহকারীর সঙ্গে সব চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।”

“উৎপাদনস্থলে শ্রমিকের অবস্থা ও মানবাধিকার সম্পর্কিত এই ইসু সমাধানে এবং খনিজ ও অন্যান্য পদার্থ আহরণের বিষয়টি নিয়ে আমরা সরবরাহকারীদের সঙ্গে কাজ করছি।”—জানিয়েছে সনি।