২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক থেকেই খোলা যাবে নতুন ট্যাব

নতুন একটি উন্নত ইন-অ্যাপ ব্রাউজার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এই ইন-অ্যাপের মাধ্যমে ফেইসবুক অ্যাপ থেকে না সরেই ব্যবহারকারীরা ইউআরএল দিয়ে নতুন কোনো পেইজ খুলতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

নতুন এই সুবিধাকে ‘চমৎকার’ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। ফেইসবুক অ্যাপের একদম নিচে নতুন একটি বার দেখানো হয় যা থেকে একটি পোস্ট কতোটা জনপ্রিয় তা বুঝা যায়। সেই সঙ্গে এতে আছে ব্যাক, ফরোয়ার্ড আর মেনু বাটন, যেখানে রাখা আছে কিছু ফিচার।

বাকি থাকে শুধু ট্যাব সাপোর্ট। একটি ভালো ব্রাউজারের মাধ্যমে ফেইসবুক চাইলেই সম্পূর্ণ নিজের একটি ‘ইকোসিস্টেম’ বানিয়ে নিতে পারে। শেষ পর্যন্ত এই সুবিধাও নিয়ে আসা হচ্ছে।

ব্রাউজারটি এখন শুধু আইওএস গ্রাহকদের জন্য পাওয়া যাবে। কিন্তু, পরীক্ষা-নিরিক্ষা শেষে কয়েক মাস পর এটি সবার জন্য নিয়ে আসা হবে।

সম্প্রতি এই সোশাল জায়ান্টের ‘ফ্রেন্ড ফাইন্ডার’ নামের একটি ফিচার বেআইনি ঘোষণা করেছে জার্মানির আদালত। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের সাইটটির বিপণন কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে দেশটির দুই নিম্ন আদালতের রায় বহাল রাখল জার্মানির উচ্চ আদালত।

জার্মানির ফেডারেল কোর্ট অফ জাস্টিস-এর রায় অনুযায়ী, ফেইসবুকের ‘ফ্রেন্ড ফাইন্ডার’ ফিচারের মাধ্যমে প্রচারণার নামে হয়রানি করা হচ্ছিল ফেইসবুক অ্যাকাউন্ট নেই এমন ব্যবহারকারীদের। ২০১০ সালে ফেডারেশন অফ জার্মান কনজিউমার অর্গানাইজেশন (ভিজেডভিবি)--এর করা এক মামলার রায়ে ওই মন্তব্য করে আদালত।

ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অ্যাড্রেস বুকে থাকা বন্ধু বা চেনা মানুষদের মেইল আইডি সংগ্রহ করতো ফেইসবুক। পরবর্তীতে ফেইসবুক আইডি নেই এমন ব্যবহারকারীদের কাছে পাঠানো হত সাইটটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ।

আদালতের রায়ে ওই ব্যবস্থাকে প্রতিষ্ঠানটির একটি ‘প্রতারণামূলক বিপণন কৌশল’ হিসেবে উল্লেখ করা হয়েছে ।