ইয়াহু!-তে কর্মী অসন্তোষ
গেল বছরটা মোটেও ভালো যায়নি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু!র। প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় সিদ্ধান্তহীনতা আর বাজারে শক্ত অবস্থান নেওয়ার চেষ্টায় খুব একটা সফলতা না আসায় হতাশ প্রতিষ্ঠানটির কর্মচারীরাও।
প্রতিষ্ঠানটির উপর থেকে কর্মীদের বিশ্বাস উঠে যাচ্ছে আর তারা হতাশ হয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সংবাদ সাইট বিজনেস ইনসাইডার। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান গ্লাসডোর-এর এক ব্লগ পোস্ট থেকে এ বিষয়ে আরও একটু স্পষ্ট ধারণা পাওয়া যায়।
ইয়াহু কর্মীদের দেওয়া ২২০০ রিভিউ নিয়ে গবেষণা করে গ্লাসডোর। সেখানে প্রতিষ্ঠানটিতে কাজ করা নিয়ে অনুকূল আর প্রতিকূল অবস্থা প্রকাশে সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটি শব্দ বের করা হয়। এই শব্দগুলো থেকে বুঝা যায়, কর্মীরা ইয়াহুকে ভালোবাসলেও এর পরিচালকদের ভালোবাসে না।
প্রতিষ্ঠানটিতে কাজ করতে অনুকূলে থাকা তিনটি শব্দ হচ্ছে- স্মার্ট মানুষজন, বিনামূল্যে খাবার আর কাজের পরিবেশ। অন্যদিকে, প্রতিকূল অবস্থা বুঝাতে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে শীর্ষ ব্যবস্থাপনা, জ্যেষ্ঠ ব্যবস্থাপনা আর সিদ্ধান্ত গ্রহণ।
প্রতিষ্ঠান থেকে পাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা, বিনামূল্যে ফোন ও খাবার আর কাজের পরিবেশ নিয়ে কর্মীরা ভালোই সন্তুষ্ট বলে এই গবেষণায় বুঝা যায়। তবে, প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে কোনো স্পষ্ট ধারণা না থাকায় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
গ্লাসডোরে দেওয়া রিভিউগুলোর মধ্যে একজন বলেন, "বর্তমান শীর্ষ ব্যবস্থাপনার আসলে দীর্ঘমেয়াদী উন্নতি নিয়ে কোনো পরিকল্পনাই নেই।"
সামনের কয়েক সপ্তাহের মধ্যে ইয়াহু প্রতিষ্ঠান নিয়ে বড় কোনো পরিবর্তনের ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। এরিক জ্যাকসনের মতো প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রধান মারিসা মায়ার-এর বিরুদ্ধে অবস্থান নিলেও, ইয়াহু-এর পরিচালনা পর্ষদ এখনও তার পক্ষেই রয়েছে।
