আর ছাপা হবে না ‘পেন্টহাউজ’
ধর্মীয় গোঁড়া লোকদের বিরুদ্ধে মামলা লড়েছেন, গায়ে গুলি সহ্য করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত হার মানলেন ল্যারি ফ্লিন্ট অ্যান্ড কো.। আর ছাপা হবে না মেনজ লাইফস্টাইল সাময়িকী পেন্টহাউজ। এর আগে খোলামেলা ছবি আর ছাপা হবে না বলে ঘোষণা দিয়েছিল প্লেবয়। আর এখন ছাপা পত্রিকারই ইতি টানছে তারই ‘সহোদর’।
ইন্টারনেট পর্ন-এর সঙ্গে সুবিধা করতে না পেরে নিজেদের ৫১ বছরের প্রিন্ট মিডিয়া ব্যবসার ইতি টানছে পত্রিকাটি। তবে একেবার নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে না তারা। অনলাইনভিত্তিক হয়ে যাচ্ছে সাময়িকীটি, আগ্রহীরা এখন থেকে পেন্টহাউজের কনটেন্টগুলো অনলাইনে পাবেন। সম্প্রতি নিজেদের এ পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত করেছে পেন্টহাউজ।
এই পদক্ষেপের কারণে যে শুধু পেন্টহাউজ-এর প্রিন্ট মিডিয়া বন্ধ হচ্ছে তা নয়, সাময়িকীটির অফিসের ঠিকানাও পরিবর্তন হচ্ছে। এতদিন পেন্টহাউজের অফিস ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, কিন্তু এখন অফিস পরিবর্তন করে মূল প্রতিষ্ঠান ফ্রেন্ডফাইন্ডার নেটওয়ার্কস-এর কাছে চলে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফ্রেন্ডফাইন্ডার নেটওয়ার্কস-এর অফিস লস অ্যাঞ্জেলসে অবস্থিত।
হঠাৎ এই পদক্ষেপের কারণ হিসেবে সাময়িকীটির মূল প্রতিষ্ঠান ফ্রেন্ডফাইন্ডার জানিয়েছে, তারা ‘পেন্টহাউজ’-কে আরও প্রতিযোগিতামূলক একটি সাময়িকীতে পরিণত করতে চাইছে। অনেকদিন থেকেই ইন্টারনেটের প্রবল ধাক্কা সহ্য করে আসছে প্লেবয় ও পেন্টহাউজ-এর মতো সাময়িকীগুলো। এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট মন্তব্য করেছে, এ পর্যায়ে এসে হয়তো পেন্টহাউজ বুঝতে পেরেছে, নিজেদের সম্পূর্ণ ব্যবসাকে ডিজিটালে পরিণত করাটাই তাদের জন্য নিরাপদ হবে। এ ছাড়াও কয়েক বছর আগে পেন্টহাউজ সাময়িকীর মূল প্রতিষ্ঠান ফ্রেন্ডফাইন্ডার অল্পের জন্য দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।
