২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সবক্স গেইমারদের জন্য ইএ-এর উপহার

অনেকটা হঠাৎ করেই এক্সবক্স লাইভ গোল্ড-এর সদস্যদের জন্য উপহার নিয়ে এসেছে ইলেকট্রনিক আর্টস ইনকোর্পোরেটেড, প্রতিষ্ঠানটি গেইমার জগতে ‘ইএ গেইমস’ নামেই বেশি পরিচিত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 05:18 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

ইএ গেইমসের নতুন ওই উপহারের বদৌলতে এক্সবক্স লাইভ গোল্ড সদস্যরা জানুয়ারি ১৯ থেকে জানুয়ারি ২৪ পর্যন্ত ‘ইএ অ্যাকসেস ভল্ট’-এ হামলা চালাতে পারবেন। ‘ইএ অ্যাকসেস ভল্ট’-এ অ্যাওয়ার্ড জয়ী মোট ১৪টি গেইম রয়েছে। গেইমাররা ওই গেইমগুলো বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

‘ইএ অ্যাকসেস ভল্ট’-এ অ্যাওয়ার্ড জয়ী যে ১৪টি গেইম রয়েছে, সেগুলো হল- ব্যাটলফিল্ড হার্ডলাইন, ম্যাডেন ১৪, ইএ স্পোর্টস ইউএফসি, এনবিএ লাইভ ১৫, ম্যাডেন ২৫, ফিফা ১৪, ফিফা ১৫, এনএইচএল ১৫, ড্রাগন এজ: ইনকুইজিশন, টাইটানফল, নিড ফর স্পিড রাইভালস, পেগল ২, প্ল্যান্টস ভার্সেস জোম্বিস গার্ডেন ওয়ারফেয়ার এবং ব্যাটলফিল্ড ৪।

এক্সবক্স লাইভ গোল্ড সদস্যদের এ উপহারটি গ্রহণ করতে শুধু ‘ইএ অ্যাকসেস হাব অ্যাপ’ নামিয়ে নিতে হবে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস। তারপর শুধু লাইভ গোল্ড সদস্যদের ওই অ্যাপটির হোম ড্যাশবোর্ড থেকে গোল্ড সদস্য অংশে ক্লিক করতে হবে।

ইএ এ প্রসঙ্গে নিজ সাইটে জানিয়েছে, “ইএ অ্যাকসেস-এর সাহায্যে, আপনি স্বল্প খরচে অসংখ্য গেইম পাবেন, এবং ‘দ্য ভল্ট উইথ ইএ অ্যাকসেস ফ্রি প্লে ডেইস’-এর মাধ্যমে সদস্যরা এর আসল মজার স্বাদ পাবেন।”

বিনামূল্যে ইএ গেইম খেলার মেয়াদ ফুরিয়ে গেলেও এক্সবক্স গেইমাররা চাইলে মাসিক ৪ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর যদি গেইমিংয়ের ব্যাপারে ঝোঁক একটু বেশি থাকে, তাহলে ২৯ ডলার ৯৯ সেন্টের মাধ্যমে সম্পূর্ণ বছরের সাবস্ক্রিপশন নিয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এখানে সম্পূর্ণ বছরের সাবস্ক্রিপশনে সাধারণত যে চার্জ রাখা হয়, তা ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে বলেই জানিয়েছে টেকটাইমস।