২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ালকম-চীনের যৌথ প্রকল্প

উন্নত সার্ভার প্রযুক্তি নিয়ে কাজ করতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম আর দক্ষিণপশ্চিম চীনের গুইঝু প্রদেশের প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে ২৮ কোটি ডলারের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 03:16 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

মার্কিন এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি চীনের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল বলে জানিয়েছে রয়টার্স।

চীনের রাজধানী বেইজিংয়ে গুইঝো কর্তৃপক্ষের সঙ্গে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেন কোয়ালকম কর্মকর্তারা। ওই চুক্তির পর গুইঝু হুয়াজিনতং সেমিকনডাক্টর টেকনোলজি কো লি. নামের এক যৌথ প্রকল্পের ঘোষণা করা হয়।

প্রদেশটিতে একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছে কোয়ালকম। ওই প্রতিষ্ঠান চীনের ভবিষ্যৎ বিনিয়োগ খাতে অবদান রাখবে, কোয়ালকম আর ওই প্রাদেশিক সরকারের এক যৌথ বিবৃতিতে এমনটা জানানো হয়।

কোয়ালকম প্রেসিডেন্ট ডেরেক আবেরলে জানিয়েছেন, কোয়ালকম চীনে সহযোগিতা আর বিনিয়োগের উপর নির্ভর করায় এই যৌথ উদ্যোগ, চুক্তি আর বিনিয়োগ প্রতিষ্ঠান গঠন প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

“এটি চীনে কৌশলগত অংশীদার হিসেবে আমাদের প্রতিজ্ঞা রক্ষা করে।”

২০১৫ সালে নভেম্বরে প্রতিষ্ঠানটিকে চীনে ব্যবসা করতে বেগ পেতে হয়েছে বলে জানা যায়। সে সময়কার খবর অনুযায়ী, চীনা আর তাইওয়ানভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কারণেই এ অবস্থায় পড়ে কোয়ালকম, এ কারণে চীনে লাইসেন্স নবায়নেও দেরি করে প্রতিষ্ঠানটি।

এমন প্রতিদ্বন্দ্বীতার মুখে কর্মচারী ছাটাই আর অন্যান্য খরচ কমাতে পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছিল কোয়ালকম। তবে, নতুন চুক্তিগুলো হয়ে গেলেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।