১০০ ড্রোন আকাশে বানাল ইনটেল লোগো!
খোলা আকাশের নিচে অর্কেস্ট্রা, বাজছে বিটোভেন-এর পঞ্চম সিম্ফোনি। আর মুক্ত আকাশে চলছে হরেক রংয়ের আলোর খেলা। মুগ্ধ হয়ে তা দেখছেন জনসাধারণ। না কোনো আতশবাজির কারসাজি নয়, প্রি-প্রোগ্রাম করে রাখা ১০০ ড্রোন দিয়ে করা হয়েছে এ কাজ।
বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর উদ্দেশ্যে ২০১৫ সালের ৪ নভেম্বর ৭ মিনিটের ওই আলোর খেলার আয়োজন করেছিল চিপ জায়ান্ট ইনটেল এবং আর্স ইলেকট্রনিকা ফিউচারল্যাব। পরবর্তীতে ওই অনুষ্ঠানের একটি ভিডিও দেখানো হয়েছিল চলতি বছরের প্রযুক্তিপণ্য মেলা সিইএস ২০১৬-তে।
আসল উদ্দেশ্য বিশ্বরেকর্ড গড়াও নয়, ড্রোন দিয়েই যে আতশবাজির কাজ করা সম্ভব সেটি দেখানোই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য। আর সেজন্যই হয়তো ইনটেল-এর প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিক জানিয়েছেন, ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন আর আতশবাজির প্রয়োজন পড়বে না। ড্রোন দিয়েই আতশবাজির কাজ করা সম্ভব হবে, যাতে পরিবেশেও কোনো ক্ষতিকর প্রভাব পড়ার ভয় থাকবে না।
ড্রোন দিয়ে আলোর খেলার গিনেস রেকর্ডটি এখন ইনটেল আর ফিউচারল্যাব-এর দখলে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল জার্মানির হামবুর্গ-এর কাছে অবস্থিত আরেনলোহে এয়ারফিল্ড। সেখানে একদিকে বসেছিলেন অর্কেস্ট্রার বাদযন্ত্রীরা, আর অন্যদিকে বসেছিলেন ড্রোন পরিচালকরা। নির্ধারিত সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেন্ডিং টেকনোলজিস নির্মিত ৭০০ গ্রাম ওজনের ১০০ ড্রোন উঠে গিয়েছিল ৩২৮ ফিট উচ্চতায় ও প্রি-প্রোগ্রাম করে রাখা ড্রোনগুলোর সঙ্গে আগে থেকে সংযুক্ত করে রাখা এলইডি লাইটের সাহায্যে বাজনার তালে শুরু করেছিল ওই আলোর খেলা। সাত মিনিটের ওই আলোর খেলা শেষ হয়েছিল, আকাশে ইনটেল-এর লোগো ফুঁটিয়ে তোলার মাধ্যমে। ফিউচারল্যাব-এর সদস্য আন্দ্রেয়াস জালসোভেক জানান, ড্রোনগুলো নিয়ন্ত্রণের জন্য যে ‘গ্রাউন্ড কন্ট্রোলস সফটওয়্যার’-এর প্রয়োজন ছিল, তা ইনটেল তৈরি করেছে। আয়োজন স্থানে শক্তিশালী কম্পিউটার এবং ওই নিয়ন্ত্রণ ইন্টারফেইস না থাকলে অনুষ্ঠানটি ঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হত না।
ওই আয়োজন প্রসঙ্গে ইনটেল-এর পারসেপচুয়াল কম্পিউটিং গ্রুপ-এর আনিল নান্দুরি বলেন, “ড্রোন ১০০ একটি উদ্ভট প্রকৃতির আইডিয়া ছিল যা ইনটেল-এর এক রুমে শুরু হয়ে বর্তমানে বাস্তব রূপ নিয়েছে।” অন্যদিকে বিষয়টি প্রসঙ্গে ইনটেল প্রধান ব্রায়ান ক্রাজানিক বলেন, “আমি এমন একটি ভবিষ্যত দেখতে পাচ্ছি, যেখানে আতশবাজি ও সেগুলোর ক্ষতিকর ধোঁয়া শুধুই অতীত এবং সে সময়ের অনুষ্ঠানগুলোতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।”
শুধু ওই আয়োজনেই থামছে না ইনটেল ও অ্যসেন্ডিং টেকনোলজিস টিম। প্রতিষ্ঠান দুটি সামনে ইউএভি প্রযুক্তি নিয়ে আরও কাজ করার আরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস।
