ভবিষ্যৎ শিক্ষা পরামর্শক হবে ‘এআই’
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘অ্যাকাডেমিক অ্যাডাভাইজর’ তৈরির লক্ষ্যে জোঁট বেঁধেছে আইবিএম এবং ইউনিভিার্সিটি অফ মিশিগান। নতুন এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রজেক্ট স্যাফায়ার।
প্রজেক্ট স্যাফায়ার তৈরিতে সক্ষম হলে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাকাডেমিক পরামর্শদাতা শিক্ষার্থীদের কোর্স বাছাই করতে, পড়াশোনার বাইরে আর কী করা উচিত সে বিষয়ে এবং একটি সময়ে গিয়ে তাদের পেশা কোনটি হলে ভালো হবে, তা জানাতে পারবে।
কিন্তু বিষয়টিতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। সেসব প্রতিবন্ধকতা দূর করতে যাত্রার শুরু হিসেবে কলেজ ক্যাম্পাসকে বেছে নিয়েছেন আইবিএম এবং ইউনিভার্সিটি অফ মিশিগান-এর গবেষকরা। সেখানে শিক্ষকরা কথোপকথনের মাধ্যমে হাজারো শিক্ষার্থীদের কীভাবে সাহায্য করে থাকে, সে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনেকটা এর ভিত্তিতেই গড়ে তোলা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাকাডেমিক পরামর্শদাতার নতুন কথোপকথন প্রক্রিয়া।
অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারেন এ ধরণের কৃত্রিম কথোপকথন-তো সিরি বা কার্টানা-এর মতো ভার্চুয়াল অ্যাসিস্টেন্টগুলোতে ইতোমধ্যেই রয়েছে। কথা সত্যি, কিন্তু সেগুলো নির্দিষ্ট কিছু প্রশ্নের বাইরে উত্তর দিতে পারে না। সেদিক থেকে বিবেচনা করলে, নতুন এই এআই পরামর্শদাতার কাছে এমন অনেক প্রশ্নই আসতে পারে যা আগে থেকে প্রোগ্রাম করে রাখা হয়নি।
এ প্রসঙ্গে আইবিএম ওয়াটসন ফেলো এবং নতুন এই কথোপকথন প্রক্রিয়ার প্রধান প্রযুক্তিবিদ ডেভিড নাহামু বলেন, “সব দৃশ্যমান ইঙ্গিত, অঙ্গভঙ্গিমা এই ইকুয়েশনের একটি অংশ। আমরা হয়তো লেখা ও কথানির্ভর কনটেন্ট দিয়ে শুরু করেছি, কিন্তু দৃশ্যমান অনেক বস্তুই এখনও বাকি রয়ে গেছে। এই প্রকল্পটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর সমন্বয়সাধন করবে এবং মানবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনুভূতির উপর জোর দেবে।”
কাজটি সফলভাবে সম্পন্ন করতে আগামী তিন বছরে প্রজেক্ট স্যাফায়ার বর্তমানে শিক্ষার্থী ও মানব পরমর্শদাতার মধ্যে যে কথোপকথন হয়, সে বিষয়ক যাবতীয় ডেটা সংগ্রহ করবে। মূল পরিকল্পনা হচ্ছে এমন একটি ‘ডায়ালগ ম্যানেজমেন্ট’ প্রক্রিয়া তৈরি করা যা জটিল ভাষার ইঙ্গিতও সহজেই বুঝতে পারবে। এর ফলে একটি সময়ে এটি মানুষের মতোই পরামর্শ দিতে পারবে। এ প্রসঙ্গে নাহামু বলেন, “এই ডায়ালগ মেকানিজমকে শুধু একটি কাজ করতে হবে, আর তা হল যখনই এটিকে কোনো প্রশ্ন করা হবে তখনই এর আন্দাজ করতে হবে কথোপকথনটি কোথায় গিয়ে দাঁড়াতে পারে।”
তবে গবেষকরা জানিয়েছেন, তৈরি হয়ে গেলেও এটি মানব পরামর্শকদের জায়গা নেবে না। উল্টো তাদের কাজে সহায়তা করবে। এ প্রসঙ্গে ইউএম-এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ল্যাব-এর পরিচালক ও অধ্যাপক সাটিন্ডের সিং বাভেজা বলেন, “স্যাফায়ার শিক্ষার্থীদের ডেটা দ্রুত প্রসেস করে, সেগুলোর মধ্যে প্যাটার্ন খুঁজে বের করে হয়তো আরও ভালো পরামর্শ দিতে পারবে, যা মানব পরামর্শকদের চেয়েও ভালো হতে পারে।”
