২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিই’র মান নিয়ন্ত্রণ বিভাগ কিনল হেইয়ার

৫৪০ কোটি ডলারের বিনিময়ে গৃহস্থালি কাজে ব্যবহৃত পণ্য নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক-এর মান নিয়ন্ত্রণ বিভাগ কিনে নিচ্ছে একই ধরনের অপর পণ্য উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান হেইয়ার গ্রুপ। বর্তমানে হেইয়ার গ্রুপ গৃহস্থালি কাজে ব্যবহৃত পণ্য নির্মাতা হিসেবে বিশ্বের শীর্ষে থাকলেও, সাম্প্রতিক এই পদক্ষেপটি প্রতিষ্ঠানটিকে প্রিমিয়াম ব্র্যান্ডে পরিণত হতে সাহায্য করবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 03:07 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

হেইয়ার গ্রুপের কাছে নিজেদের মান নিয়ন্ত্রণ বিভাগ বিক্রয় প্রসঙ্গে জেনারেল ইলেকট্রিক-এর (জিই) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেফ ইমেল্ট বলেন, “জিই অ্যাপ্লায়েন্স যথেষ্ট ভালোভাবে কাজ করছে এবং অনেক সম্ভাব্য ক্রেতাই মান নিয়ন্ত্রণ বিভাগ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছিলেন, এই বিক্রির ফলে আমাদের বিনিয়োগকারী, গ্রাহক ও কর্মীরা উপকৃত হবেন।”

এ ছাড়াও ইমেল্ট আরও জানিয়েছেন, বিশ্বব্যাপী নিজ সেবা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ এবং হেইয়ার-ও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রেই নিজ উৎপাদন উপস্থিতি তৈরি করবে ও এই ব্যবসায় আরও বিনিয়োগ করবে।

টেকটাইমস জানিয়েছে, এই বিভাগ বিক্রির ফলে জিই এখন নিজেদের মেডিকেল প্রযুক্তিপণ্য এবং ক্লিন এনার্জি-এর ক্ষেত্রগুলোতে মনোযোগ দিতে পারবে। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে নিজস্ব ব্যবসা ওইদিকেই নিয়ে যাচ্ছিল। চুক্তি অনুযায়ী, হেইয়ার গ্রুপ জিই-এর মান নিয়ন্ত্রণ বিভাগ কিনলেও, বিভাগটি যুক্তরাষ্ট্রেই থাকবে।

অন্যদিকে এই ক্রয় প্রসঙ্গে হেইয়ার গ্রুপ-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জানিয়েছেন, হেইয়ার গ্রুপ যে উদ্ভাবন-এর বৈশ্বিক একটি প্লাটফর্ম তৈরি করতে চাচ্ছে, এ পদক্ষেপ সেটিই প্রমাণ করছে এবং এতে হেইয়ার ও জিই দুটি প্রতিষ্ঠানই উপকৃত হবে।

প্রতিষ্ঠান দুটি সামনে সম্মিলিতভাবে স্বাস্থ্য, উন্নত মানের উৎপাদন এবং ইন্টারনেট ক্ষেত্রে একত্রে কাজ করবে এবং হেইয়ার-এর এই সাম্প্রতিক ক্রয়ে এখনও চীন ও যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রকদের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে টেকটাইমস।