প্রসঙ্গ ‘হলোলেন্স’
কয়েকবার নিজেদের অগমেন্টেড রিয়ালিটি হেডসেট ‘হলোলেন্স’ দেখালেও, হেডসেটটির মূল ফিচারগুলো কী হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। কিন্তু সম্প্রতি ইসরাইলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের বদৌলতে হেডসেটটি সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর জানা সম্ভব হয়েছে।
হলোলেন্স বিষয়ে আগ্রহীদের মনে যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হল- এটি কোন কোন ডিভাইসের সঙ্গে কাজ করবে, কতদিন এটি ব্যবহার করা সম্ভব হবে ইত্যাদি। ওই অনুষ্ঠানে এরকম প্রায় সব প্রশ্নেরই উত্তর জানিয়েছে মাইক্রোসফট।
নির্মাতা প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, ব্লুটুথ বা ওয়াইফাই রয়েছে এমন যে কোনো ডিভাইসের সঙ্গে ব্যবহার করা যাবে হলোলেন্স এবং যে কোনো উইন্ডোজ ১০ অ্যাপের সঙ্গেই হেডসেটটি চালানো সম্ভব হবে। এ ছাড়াও ব্যবহারকারী চাইলে ইন্টারনেটের মাধ্যমে হেডসেটটিকে অন্যান্য হেডেসেটের সঙ্গে লিংক করে নিজ অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।
অন্যদিকে হেডসেটের ব্যাটারির কার্যক্ষমতা প্রসঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, সাধারণ মাত্রায় ব্যবহার করলে ৫.৫ ঘণ্টা এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ২.৫ ঘণ্টা পর্যন্ত চলবে হলোলেন্স। আদতে হলোলেন্স কতক্ষণ চলবে, সে বিষয়টি সম্পূর্ণভাবেই নির্ভর করছে ব্যবহারকারী কীভাবে হেডসেটটি ব্যবহার করছেন তার উপর। তবে হলোলেন্স-এর প্রাথমিক মডেলের হেডসেটের সঙ্গে ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটি হল ব্যাটারির চার্জ হলোলেন্স-এর ১৫-ইঞ্চি ডিসপ্লের ‘ফিল্ড অফ ভিউ’-এর ক্ষেত্রে প্রভাব ফেলবে। সম্পূর্ণ চার্জে ব্যবহারকারীর মনে হবে, তিনি স্ক্রিন থেকে খুব বেশি হলে দুই ফিট দূরত্বে রয়েছেন।
আপাতত হলোলেন্স-এর ডিসপ্লে আকৃতি ১৫ ইঞ্চি হলেও, সামনে এর আকার আরও বাড়ানো হবে এমনটাই জানিয়েছে মাইক্রোসফট। চলতি বছরের শুরুর দিকে ডেভেলপারদের কাছে হলোলেন্স বিক্রির কথা রয়েছে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
