বিদায় উইন্ডোজ ৮!
উইন্ডোজ ৮ অধ্যায়েল সমাপ্তি টানতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এখনো যারা উইন্ডোজ ৮ ব্যবহার করছেন তাদেরকে উইন্ডোজ ৮.১ বা ১০-এ আপগ্রেড করতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার আপডেট ইসু করবে না প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট পেতে আর নিরাপত্তা নিশ্চিত করতে হলে উইন্ডোজ ১০-এ আপডেট করাই সবচেয়ে ভাল বলে পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট উইন্ডোজ ৮ থেকে উইন্ডোজ ৮.১-এ ফ্রি আপগ্রেড করার সুযোগ রেখেছিল টানা ২ বছর। ২০১৫ সালের জুলাই মাসে সরাসরি উইন্ডোজ ১০-এ বিনামূল্যে আপগ্রেড করার সুযোগ দিয়েছিল মাইক্রোসফট। তারপরও বিশ্বব্যাপী ২.৬ শতাংশ উইন্ডোজ পিসিতে এখনও উইন্ডোজ ৮ ওএস ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ার। অর্থাৎ, সারাবিশ্বে ব্যবহৃত প্রায় ২শ’ কোটি উইন্ডোজ পিসির মধ্যে প্রায় ৫ কোটি পিসিতে এখনও উইন্ডোজ ৮ ব্যবহৃত হচ্ছে।
২০১৩ সালে উইন্ডোজ ৮.১ উন্মুক্ত করার পর, উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমটিতে আপগ্রেড করার জন্য ২ বছর সময় পাবেন বলে জানিয়ে দিয়েছিল মাইক্রোসফট। ২০১৬ সালের মধ্যে উইন্ডোজ ৮-এ সব ধরনের সহায়তা প্রদান বন্ধ করে দেওয়া হবে বলে এবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যবহারকারীরা চাইলে এখনও তাদের উইন্ডোজ ৮ পরিবর্তন না করে কম্পিউটার ব্যবহার করতে পারেন। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে ওএসটির জন্য আর কোনো সফটওয়্যার প্যাচ বা সিকিউরিটি আপডেট ইসু না করায় এর ব্যবহারের ক্ষেত্রে সাইবার আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উইন্ডোজ ৮, উইন্ডোজ ভিস্তার মতো ত্রুটিবহুল না হলেও, ব্যবহারকারীদের মাঝে খুব একটা পছন্দের ছিল না। আর উইন্ডোজ ৮.১ দিয়েই উইন্ডোজ ৮ নিয়ে ব্যবহারকারীদের সিংহভাগ অভিযোগের সমাধান করার চেষ্টা করেছিল মাইক্রোসফট।
