২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটকয়েন নিয়ে হাল ছাড়লেন উদ্যোক্তা

আলোচিত ডিজিটাল কারেন্সি বিটকয়েনকে ‘ফেইলড এক্সপেরিমেন্ট’ আখ্যা দিয়ে অনলাইন লেনদেনের এই মাধ্যমটি নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছেন উদ্যোক্তা মাইক হার্ন। ডিজিটাল কারেন্সি হিসেবে বিটকয়েন নিয়ে একদম শুরু থেকে জড়িত ছিলন যে ক’জন উদ্যোক্তা তাদের মধ্যে প্রথম সারির ছিলেন হার্ন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 08:07 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

“বিটকয়েন ডেভেলপমেন্ট নিয়ে আমি আর কোনো কাজ করবো না এবং আমার কয়েনগুলো বিক্রি করে দিয়েছি।”--এক ব্লগ পোস্টে এই ঘোষণা দেন হার্ন।

সম্প্রতি ব্লগিং প্ল্যাটফর্ম মিডিয়ামে ওই পোস্ট করেন হার্ন। “বিটকয়েন যে কোনো সময় ব্যর্থ হতে পারে জানার পরেও এর ব্যর্থতার উপসংহারে এসে আমার কাছে খারাপ লাগছে। এর মৌলিক বিষয়গুলোই ত্রুটিপূর্ণ। সাময়িকভাবে এর দাম যাই হোক না কেন, দীর্ঘ মেয়াদী চিন্তা করলে এর দাম সম্ভবত কমতেই থাকবে।”--ব্লগ পোস্টে এভাবেই নিজের অনুভূতি ব্যাখ্যা করেন তিনি।

বিটকয়েনের সঙ্গে যে ক’টি নাম জোরেশোরে শোনা যেত তার মধ্যে একটি ছিল মাইক হার্ন। গেল বছরগুলোতে বিটকয়েন সমর্থক কমিউনিটির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন তিনি। এমনকি বিটকয়েন ডেভেলপমেন্টের সঙ্গে জরিত থাকার জন্য ২০১৪ সালে গুগল থেকে ডাক পেয়েও না বলে দেন হার্ন।

বিটকয়েন কমিউনিটির ব্যর্থতার কারণেরই ডিজিটাল মুদ্রাটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হার্ন। বিটকয়েন অর্থের একটি বিকেন্দ্রিকক রুপ যার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন ছিল; এমন হলেও এটির অবস্থা আরও খারাপ দিকে মোড় নিয়েছে এবং হাতে গোনা কয়েকজন মানুষ এটি নিয়ন্ত্রণ করছেন বলে জানান হার্ন।

হার্নের মতে এর থেকেও বড় ঝুঁকি হল যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিটকয়েন নেটওয়ার্ক। লেনদেনের মাধ্যম হিসেবে প্রচলিত অর্থের বিকল্প হিসেবে ব্যবহারের যে সম্ভাবনা বিটকয়েনের ছিল, তার পুরোটাই নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।