শুরু হচ্ছে সিটিআইটি ২০১৬ মেলা
১৮ ডিসেম্বর থেকে রাজধানীর আগাঁরগাওয়ে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হতে যাচ্ছে ‘সিটিআইটি ২০১৬ মেলা’। ‘ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার’ শ্লোগান নিয়ে ১৪তম বারের মতো আয়োজিত হচ্ছে এই মেলা।
শনিবার সকালে বিসিএস কম্পিউটার সিটির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক মুজিবুর রহমান স্বপন জানান, ২৫ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী ওই মেলা চলবে। তিনি বলেন, “এবারের মেলায় আমরা শিশুদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। মেলায় থাকবে বিভিন্ন পণ্যের উপরে বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন। বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় মঞ্চে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশুদের চিত্রাঙ্কন, গেইমিং, ডিজিটাল ফটোগ্রাফি, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহমেদ হাসান ও কোষাধক্ষ্য রফিকুল ইসলাম।
মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন মোস্তাফা জব্বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বার্তায় স্বপন জানান, মেলায় দর্শনার্থীদের জন্য থাকবে ‘এলিয়েন’ ও জাদু প্রদর্শনী। শিশুদের জন্য থাকবে ভৈাতিক টানেল।
মেলার প্রবেশমূল্য রাখা হযেছে ১০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিদিনের প্রবেশ টিকেটের উপর রয়েছে র্যাফেল ড্র। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।
