নভেম্বরে বন্ধ হচ্ছে না এক্সবক্স ৩৬০ সার্ভার
অনলাইনে পাওয়া সব তথ্যই বিশ্বাসযোগ্য নয়--ওই উক্তিটির সত্যতা মিলল আবারও। গেইমিং কনসোলের বাজারে সম্প্রতি জোর গুজব ছিল, নভেম্বর মাসেই এক্সবক্স ৩৬০ সার্ভার বন্ধ করে দেবে মাইক্রোসফট। ওই গুজব নিয়ে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির গেইমিং বিভাগ প্রধান ফিল স্পেন্সারের সোজাসাপ্টা উত্তর--“সত্যি নয়”।
মাইক্রোসফট এক্সবক্স ৩৬০-এর সবগুলো সার্ভার নভেম্বর মাসেই বন্ধ করে দেবে সম্প্রতি এমন গুজব ছড়িয়ে পরেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম আর বিভিন্ন গেইমিং সাইটে। ২০১৫ সালের নভেম্বরে ১০ বছর পূর্ণ করেছে এক্সবক্স ৩৬০। তবে স্পেন্সারের বক্তব্যের পর কনসোলটির সার্ভারগুলোর খুব শিগগিরই বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে গেইমিংবিষয়ক সাইট গেইমস্পট।
গুজবটি যে একেবারেই অমূলক ছিল এমনটা নয়। এক্সবক্স গেইমিং কনসোলের প্রথম সংস্করণটি মাইক্রোসফট বাজারে এনেছিল ২০০১ সালের নভেম্বর মাসে। ২০১০ সালের এপ্রিল মাসে ওই কনসোল এবং গেইমগুলোর জন্য এক্সবক্স লাইভ ১.০ সেবা বন্ধ করে দেয় মাইক্রোসফট। আগের কনসোলটির সঙ্গে তুলনা করলে ইতোমধ্যেই ১০ বছর পার করেছে এক্সবক্স ৩৬০।
অন্যদিকে এক্সবক্স ৩৬০ কনসোল এবং এর আনুসাঙ্গিক এতটাই লাভজনক যে এর সেবাগুলো কম করে হলেও আরও ৩ বছর চালু রাখা হবে বলে ২০১৩ সালে মন্তব্য করেছিলেন মাইক্রোসফটের মার্কেটিং এক্সিকিউটিভ ইউসুফ মেহেদি।
সব মিলিয়ে পালে বেশ জোরেসোরেই হাওয়া পেয়েছিল এক্সবক্স ৩৬০-এর সার্ভার বন্ধ হওয়ার গুজব। তবে শেষ পর্যন্ত ফিল স্পেন্সারের একটি টুইটার পোস্টে যেন আক্ষরিক অর্থেই উড়ে গেল গুজবটি।
