গেইম ডিজাইনারকে মুক্তি দিল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত মার্কিন গেইম ডিজাইনারকে মুক্তি দিয়েছে ইরানের সরকার। কারাবন্দী হওয়ার ৫ বছর পর মুক্তি পেলেন ইরানি বংশভূত ওই ডেভেলপার আমির হেকমাতি।
২০১২ সালের জানুয়ারিতে মার্কিন সাবেক মেরিন সেনা আমির মিরজাই হেকমাতিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয় ইরানের আদালত। সে সময় মার্কিন গেইম নির্মাতা প্রতিষ্ঠান কুমা গেইমস-এ ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। একই বছর মার্চে ওই মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাকে দশ বছরের কারাদণ্ড দেয় ইরানের সুপ্রিম কোর্ট। ২০১১ সাল নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্য ইরানে যাওয়ার পর গ্রেপ্তার হন তিনি।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস আর ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত অন্যান্য মার্কিন নাগরিকদের সঙ্গে ৩২ বছর বয়সী হেকমাতিকে প্রথমে সুইজারল্যান্ডে পাঠানো হবে। তারপর তাদের জার্মানির ল্যান্ডস্টুল-এ মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
হেকমাতির সঙ্গে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর তেহরান প্রতিনিধি জেসন রেজারিয়ান আর ধর্মযাজক সাইদ আবেদিনিসহ মোট চারজনকে মুক্তি দিচ্ছে ইরান। তবে মুক্তি পাওয়া চতুর্থ বন্দী কে তা নিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো কিছু স্পষ্ট করেনি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
বন্দী বিনিময় নিয়ে প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গোপন আলোচনা চলছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
অন্যদিকে, এই বন্দী বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে সাতজন ইরানি বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে এখনও তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক চুক্তির সঙ্গে এই বন্দী বিনিময় সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।
২০১১ সালে হেকমাতির বিরুদ্ধে আনা ইরানের অভিযোগে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডার্পা) আর গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রোপাগান্ডা বাস্তবায়নে কুমা গেইমস-এ কাজ করছিলেন তিনি।
