বিদায় বিজ্ঞাপননির্ভর আইটিউনস রেডিও
চলতি বছরের জানুয়ারির শেষ থেকে আইটিউনস রেডিও-এর সেবা পেতে গ্রাহকদের মাসিক ফি গুণতে হবে। আইটিউনস রেডিও আর বিজ্ঞাপননির্ভর ফ্রি স্ট্রিমিং সেবা থাকবে না এবং এর জন্য গ্রাহকদের গাঁটের পয়সা খরচ করতে হবে বলে ইমেইল পাঠিয়ে সেবাটির গ্রাহকদের জানানো শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
অ্যাপলের ওই পদক্ষেপের ফলে আইটিউনস ব্যবহারকারীদের আর আইটিউনস রেডিও থেকে বিনামূল্যে কোনো গান শোনার সুযোগ থাকছে না। জানুয়ারি মাসের পর থেকে অ্যাপল মিউজিক সাবস্ক্রাইবাররাই শুধু আইটিউনস রেডিও-এর মাধ্যমে গান শুনতে পারবেন। তবে একেবারে নিষ্ঠুর হয়ে যায়নি অ্যাপল। ব্যবহারকারীদের বিনামূল্যে গান শোনানোর জন্য ‘বিটস ১’ খোলা রাখছে প্রতিষ্ঠানটি। শুধু ‘বিটস ১’ মাধ্যমেই আইটিউনস ব্যবহারকারীরা এখন বিনামুল্যে গান শুনতে পারবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এক বিবৃতিতে আইটিউনস রেডিও-এর এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল। বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “আমরা বিটস ১-কে প্রিমিয়ার ফ্রি ব্রডকাস্টিং সেবায় পরিণত করছি এবং বিজ্ঞাপননির্ভর স্টেশন জানুয়ারি মাসের শেষ থেকে সড়িয়ে নিচ্ছি। তবে অ্যাপল মিউজিক-এর সদস্য হওয়ার মাধ্যমে শ্রোতারা আমাদের মিউজিক বিশেষজ্ঞদের তৈরি ডজনখানেক রেডিও স্টেশনের সেবা পাবেন। বিনামূল্যে অ্যাপল মিউজিক-এর তিন মাসের ট্রায়ালের মধ্যে আইটিউনস রেডিও-ও অন্তর্ভুক্ত থাকবে।”
২০১৫ সালে জুন মাসের শেষের দিকে লঞ্চ করা হয়েছিল আইটিউনস রেডিও। এতদিন বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিং সেবা প্যানডোরার মতোই সেবা দিয়ে আসছিল রেডিওটি। ব্যবহারকারীরা কোনো শিল্পী, গান বা গানের ধরনের উপর নির্ভর করে রেডিও স্টেশন চালু করতে পারতেন এবং অ্যাপল নিজ অ্যালগরিদমের সাহায্যে ব্যবহারকারীদের গান শোনাত। গান চলার সময়েই বিজ্ঞাপন প্রচারিত হত এবং ব্যবহারকারীরা চাইলেও কোনো গান ফাস্ট ফরোয়ার্ড বা রিওয়াইন্ড করতে পারতেন না এবং প্রতি ঘন্টায় শুধু ছয়টি গান ‘স্কিপ’ করার সুযোগ পেতেন।
