সর্বোচ্চ আদালতে ‘এক্সবক্স ৩৬০’
এক্সবক্স-৩৬০ গেইমিং কনসোলকে কেন্দ্র করে সৃষ্ট আইনি জটিলতায় কনসোলটির নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ভাষ্য শুনবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। আদালতের রায়ের উপর নির্ভর করবে মাইক্রোসফটকে ‘ক্লাস-অ্যাকশন’ মামলার সম্মুখীন হতে হবে কি না, সে বিষয়টি।
২০০৭ সাল থেকে চলমান ওই মামলার বাদীপক্ষ এক্সবক্স ৩৬০ গেইমারদের অভিযোগ ছিল, মাইক্রোসফট নির্মিত ওই কনসোলের ডিজাইন ভালোভাবে করা হয়নি ও ডিস্ক রক্ষার্থে যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তাও নেওয়া হয়নি। ফলে কনসোলটির কারণে গেইমের ডিস্কে বারবার স্ক্র্যাচ পড়ছে।
পরবর্তীতে ২০০৮ সালে ফাঁস হয়ে যাওয়া এক নথির বদৌলতে জানা গিয়েছিল, এক্সবক্স ৩৬০-তে যে এ ধরনের সমস্যা রয়েছে, সে বিষয়টির ব্যাপারে মাইক্রোসফট আগে থেকেই জানতো। কিন্তু তারপরেও ২০১২ সালে গেইমারদের ওই অভিযোগ খারিজ করে দিয়েছিল দেশটির ফেডারেল আদালত। অভিযোগ খারিজ করে দেওয়ার সময় ফেডারেল আদালতের বিচারক জানিয়েছিলেন, ক্লাস-অ্যাকশন মামলা নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বাদীপক্ষ।
‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।
অবশেষে ২০১৫ সালের মার্চ মাসে ফেডারেল আদালতের নতুন রায়ে আইনি লড়াই নতুন মোড় নেয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এখন ওই মামলার মূল বিষয় নিয়ে নতুন করে আর কোনো তর্ক বিতর্ক শুনবে না এবং মূল মামলার বিষয়বস্তু নিয়েও কোনো রায় জানাবে না। বরং আদালত শুধু মাইক্রোসফটের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত জানাবে, ওই ইসুর কারণে প্রতিষ্ঠানটিকে ক্লাস-অ্যাকশন মামলার সম্মুখীন হতে হবে কিনা।
