আইঅ্যাড বন্ধ করে দিচ্ছে অ্যাপল
নিজস্ব মোবাইল অ্যাডভার্টাইজিং ব্যবসার হাল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ৬ বছরের পুরনো আইঅ্যাড প্রকল্পের অ্যাপ নেটওয়ার্ক চলতি বছরের ৩০ জুন বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল আইঅ্যাড প্রকল্প বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নিজস্ব ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে। মোবাইল বিজ্ঞাপন বিভাগ থেকে আশানরূপ আয় হচ্ছে না বলে অ্যাপল বিভাগটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে বলে বাজফিড নিউজ এক প্রতিবেদন প্রকাশ করার কয়েক দিনের মাথায় এই ঘোষণা দিল অ্যাপল।
আইঅ্যাড প্রকল্পের জন্য আর কোনো নতুন অ্যাপ গ্রহন করছে না অ্যাপল। তবে পুরনো পার্টনাররা প্রকল্পটি বন্ধ হওয়া পর্যন্ত, অর্থ্যাৎ ৩০ জুন পর্যন্ত আইঅ্যাডের মাধ্যমে হওয়া আয়ের নিজের অংশ ঠিকই পাবেন।
মোবাইল বিজ্ঞাপন খাত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানায়নি অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে ‘অটোমেটেড সেলফ-সার্ভিস’ প্লাটফর্মে পরিণত করা হতে পারে আইঅ্যাড সেবা। ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকার এমনটাই ইঙ্গিত করেছেন অ্যাপল নির্বাহী এডি কিউ।
অ্যাপলের এই সিদ্ধান্ত মোটেও অবাক করার মতো নয় বলে মন্তব্য করেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। ২০১৪ সালেই আইঅ্যাডকে অ্যাপলের ব্যবসার ‘খুব ছোট একটা অংশ’ বলে আখ্যা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। ২০১৫ সালে অ্যাপলের আয়ের ৫.১ শতাংশ এসেছিল আইঅ্যাড থেকে।
