২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েও শীর্ষে শিয়াওমি

চায়নিজ স্মার্টফোন নির্মাতা শিয়াওমি ২০১৫ সালটি শুরু করেছিল ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্য নিয়ে। স্থানীয় বাজারে চাহিদা হ্রাস পাচ্ছে বুঝতে পেরে বছরের মাঝেই স্মার্টফোন বিক্রির লক্ষ্য মাত্রা ৮ কোটিতে নামিয়ে এনেছিল প্রতিষ্ঠানটি। অর্জন হয়নি সেই লক্ষ্যও। তারপরও বছর শেষে স্থানীয় বাজারে শীর্ষস্থান দখল করে নিয়েছে শিয়াওমি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রার ঘোষণা দিয়েছিলেন শিয়াওমির প্রধান নির্বাহী লেই জুন। বছর শেষে তার থেকে ৩ কোটি কম স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। শিয়াওমি গেল বছরের সার্বিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার।

শিয়াওমি লক্ষ্য অর্জনের ব্যর্থতার একটি বড় কারণ ছিল চীনের স্থানীয় বাজারের ধীর গতি। সব মিলিয়ে ২০১৫ সালে স্মার্টফোনের বিক্রি হ্রাস পেয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিতে।

তারপরও স্থানীয় বাজারে সিংহস্থান দখল করে নিয়েছে শিয়াওমি। চীনের বাজারে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের থেকে অনেকখানি এগিয়ে আছে প্রতিষ্ঠানটি। গুগলের সঙ্গে জোট বেঁধে নেক্সাস ৬পি স্মার্টফোনের বাজারজাত বড় ভূমিকা রেখেছে শিয়াওমির অগ্রগতিতে।

অন্যদিকে মি ৪ স্মার্টফোনের নতুন কোনো সংস্করণ ২০১৫ সালে উন্মোচন না করার কারণেও বিক্রির লক্ষ্য মাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

মাঝারি দামের মি স্মার্টফোনগুলোর উপর ভিত্তি করেই সবচেয়ে সাফল্য পেয়েছে শিয়াওমি। তবে ২০১৫ সালে পুরোটা জুড়েই প্রতিষ্ঠানটি জোর দিয়েছে সাশ্রয়ী দামের রেডমি ৩ এবং মি নোট প্রিমিয়ামের মতো ‘হাই-এন্ড’ স্মার্টফোনগুলোর উপর।