২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে যেতে পারে বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ

নিরাপত্তা শঙ্কার কারণে মানব নভোচারীদের বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বাণিজ্যিক মহাকাশ অভিযানের প্রথম টেস্ট ফ্লাইট ২০১৭ সাল থেকে আরও পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে নাসার ‘অ্যারোস্পেস সেইফটি অ্যাডভাইজরি প্যানেল’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 06:17 PM

Updated : 25 Jul 2022, 09:18 PM

২০১৭ সালে বাণিজ্যিক মহাকাশ অভিযানের পরিকল্পনা নিয়ে বোয়িং ও স্পেসএক্স-এর মতো যে ব্যক্তিমালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থাগুলো কাজ করছে সেই প্রতিষ্ঠানগুলোর অভিযানে নভোচারীরা মারা যেতে পারেন বলে আশঙ্কা করছে নাসার নিরাপত্তাবিষয়ক গবেষকরা।

নিরাপত্তা গবেষকরা ২৭০টি বানিজ্যিক অভিযানের নভোচারীদের মধ্যে ১ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছিলেন আগেই। এবার সেই মৃত্যুর হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মহাকাশযানের ডিজাইনের ‘পরিপক্কতার অভাবেও’ যানগুলো বিধ্বস্ত হতে পারে বলে নাসার গবেষকরা আশঙ্কা করছেন—জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকম।

অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মহাকাশ যান ব্যবহার করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ বিভিন্ন যন্ত্রপাতি ও খাদ্য মজুদ পাঠানোর জন্য ১৪শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে নাসা। এ কাজে কোন প্রতিষ্ঠানের যান ব্যবহার করা হবে সেটি নিশ্চিত না করলেও ‘যখন যে প্রতিষ্ঠানের যান প্রয়োজন’ তখন সেটা ব্যবহার করা হবে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি। 

আইএসএসে নভোচারীদের বহন করে নিয়ে যাওয়ার জন্য বোয়িং আর স্পেসএক্স উভয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল নাসা। ২০১৭ নাগাদ হওয়ার কথা ছিল ওই মহাকাশ অভিযানগুলোর।