২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানার মুখে উবার

চালকদের সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় ৭৬ লাখ ডলার জরিমানা গুণতে হবে অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবারকে। ২০১৪ সালে ড্রাইভারদের সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য সরবরাহে প্রতিষ্ঠানটির ব্যর্থতা ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিজ কমিশন (সিপিইউসি)--এর নজরে আসার পর প্রতিষ্ঠানটিকে এমন জরিমানার মুখোমুখি হতে হচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 05:33 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

ব্যবসায় লাইসেন্স যাতে বাতিল না হয় সে কারণে উবার জরিমানা দেওয়ার পরিকল্পনা করেছে তবে তার আগে প্রতিষ্ঠানটি আদালতে আপিল করবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

চালকদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় ক্যালিফোর্নিয়ার নতুন আইন অনুযায়ী উবারকে ৭০ লাখ ডলারের বেশি জরিমানা করা উচিত বলে এক মার্কিন বিচারক মত দিয়েছিলেন ২০১৫ সালের জুলাইয়ে। আর তার সেই বক্তব্যের ভিত্তিতেই এবার ৭৬ লাখ ডলার জরিমানা করা হল প্রতিষ্ঠানটিকে।    

সিপিইউসি জানিয়েছে, কতজন যাত্রী যান ভাড়া করতে চেয়েছেন আর কতজন ওই সেবা গ্রহণ করেছেন, যাত্রী নেওয়া আর লেনদেনবিষয়ক তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে উবার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উবারের শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিফটকে ক্যালিফোর্নিয়ায় এ ধরনের কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। 

সম্প্রতি চালকদের বাছাই পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছে উবার। প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রধান জো সালিভান এক সাক্ষাৎকারে জানান, ক্যালিফোর্নিয়ায় অহিংস অপরাধীদের একটি সুযোগ দিতে নীতিমালা বদলাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির আগের নীতিমালায় চালক হিসেবে আবেদন করা প্রার্থীর কোনো নির্দিষ্ট অপরাধে আসামী হিসেবে অভিযুক্ত হওয়ার রেকর্ড থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া হত। এখন যাদের বিরুদ্ধে দোকান থেকে চুরি বা চেক জালিয়াতির মতো কোনো অহিংস বা যৌন অপরাধ নয় এমন অপরাধের অভিযোগ ছিল তাদেরকেও অঙ্গরাজ্যটিতে কাজ করার সুযোগ দেওয়া হবে।

হিংস্র আর যৌন অপরাধের মতো গুরুতর অপরাধে অভিযোগ রয়েছে এমন আসামিদের এখনও নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে উবার। এর আগে যাদের সাধারণ অপরাধের অভিযোগের কারণে বাদ দেওয়া হয়েছিল তাদের সঙ্গে আবার যোগাযোগ করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। নতুন নীতিমালায় তাদের পুনরায় আবেদন করতে উৎসাহিত করা হবে।