২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবস-গেটসকে নিয়ে ‘নার্ডস’

ব্রডওয়েতে আসছে নতুন মিউজিক্যাল শো ‘নার্ডস’। প্রযুক্তি জগতের দুই শীর্ষ ব্যক্তিত্ব স্টিভ জবস এবং বিল গেটসের বাজার দখলের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘নার্ডস, এ মিউজিকাল ডট-কমেডি’-এর পটভূমি। আশা করা হচ্ছে চলতি বছরের ২১ এপ্রিল নিউ ইয়র্কের লংএকর থিয়েটারে মঞ্চায়ন হবে এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

সিএনএন জানিয়েছে, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাটা স্টিভ জবস এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের পেশাদারী জীবনের প্রতিদ্বন্দ্বীতার গল্প তুলে ধরা হয়েছে ‘নার্ডস’-এ। এতে প্রযুক্তি শিল্পের কিংবদন্তীসম ওই দুই ব্যক্তির প্রতিযোগিতামূলক মনোভাবের কিছু ঘটনা গান ও কৌতুকের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

যেহেতু ‘নার্ডস’ প্রযুক্তি সংশ্লিষ্ট মিউজিক্যাল, তাই প্রযোজকরা এটি আরও আকর্ষণীয় করতে মঞ্চে হলোগ্রাম ও ডিজিটাল প্রজেকশনের ব্যবস্থা করছেন। শুধু তাই নয় দর্শকরাও একটি বিশেষ অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারবেন।

প্রিভিউয়ের পর চলতি বছরের ২১ এপ্রিল নিউ ইয়র্কের লংএকর থিয়েটারে ‘নার্ডস’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। নাটকটির কাহিনী লিখেছেন মার্কিন লেখক জর্ডান অ্যালান ডাটন। এর আগে বেশ জনপ্রিয়তা পেয়েছিল তার লেখা ‘রোবট চিকেন’।

‘নার্ডস’-এ অ্যাপল ও মাইক্রোসফট উভয় প্রতিষ্ঠানের দুই কাণ্ডারির গল্প তুলে ধরা হলেও দুটি প্রতিষ্ঠানের একটিও প্রযোজনায় অংশগ্রহন করবে কি না তা এখনও স্পষ্ট নয়। এ সম্পর্কে এখন পর্যন্ত মন্তব্য করেননি উভয় প্রতিষ্ঠানের কেউই।