২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুক্তভোগী হোটেলের সংখ্যা আড়াইশ’

২০১৫ সালের ১৩ অগাস্ট থেকে ৮ ডিসেম্বরের মধ্যে ম্যালওয়ার সংক্রমণের ফলে আড়াইশ’ হোটেল থেকে সেবা গ্রাহকদের পেমেন্ট কার্ডের ডেটা চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনা প্রতিষ্ঠান হায়েট হোটেলস কর্পোরেশন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 04:33 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

ঠিক কোন সময়ে মধ্যে এবং নিজেদের মালিকানায় থাকা কোন কোন হোটেল ও রেস্টুরেন্টের ডিজিটাল ডেমেন্ট সিস্টেম ম্যালওয়্যার সংক্রমণের শিকার হয়েছিল তার একটা তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানিয়েছে, এক ইমেইলে প্রতিষ্ঠানটির মুখপাত্র স্টেফানি শেপার্ড জানান, “ওই ঘটনায় কতজন গ্রাহক আক্রান্ত হয়েছেন তা আমাদের জানা নেই।” ম্যালওয়্যার সংক্রমণের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকানাধীন রেস্টুরেন্টগুলোই সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল বলে বৃহস্পতিবার জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ওই ম্যালওয়ার কার্ডধারীর নাম, কার্ড নাম্বার, কার্ডের মেয়াদ আর ভেরিফিকেশন কোডের মতো ডেটা সংগ্রহ করতে সক্ষম ছিল। যে দেশগুলোতে হায়েটের মালিকানাধীন হোটেল রয়েছে তার সবগুলোর সরকারকে সাইবার আক্রমণের ব্যাপারে অবহিত করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি তদন্ত কাজে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গেও জোট বেঁধে কাজ করছে হায়েট।

অন্যদিকে ম্যালওয়্যার সংক্রমণের ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের এক বছর বিনা মূল্যে সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব ডিজিটাল পেমেন্ট সিস্টেম ম্যালওয়ার সংক্রমণের শিকার হয়েছে বলে নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।