পেপালে বিটকয়েন উদ্যোক্তা
ডিজিটাল কারেন্সি বিটকয়েনের জন্য ডিজিটাল ওয়ালেট ও ডেবিট কার্ড সেবাদাতা সুইস প্রতিষ্ঠান ‘জাপো’র প্রধান নির্বাহী ওয়েনসেস ক্যাসারেস-কে নিজেদের পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়েছে অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল। বিটকয়েন উদ্যোক্তা ক্যাসারেস মঙ্গলবার পেপালে যোগ দেন। আর পেপাল ওই নিয়োগের খবর জানিয়েছে বুধবার।
অনলাইন পেমেন্ট সেবার বাজারে পেপালকে বিবেচনা করা হয় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে। প্রতিষ্ঠানটি এর আগে ডিজিটাল মুদ্রা বিটকয়েন লেনদেন প্রযুক্তি ‘ব্লকচেইন’ নিয়ে নিজেদের আগ্রহের ইঙ্গিত দিয়েছিল বলে জানিয়েছে সিএনএন।
বিটকয়েন খাত গুরুত্বপূর্ণ হয়ে উঠার পেছনে সবচেয়ে বড় কারণ হল এর ‘ব্লকচেইন’ প্রযুক্তি। এর মাধ্যমে সারাবিশ্বের সব বিটকয়েন লেনদেন একই সঙ্গে লিপিবদ্ধ হয়। বিটকয়েন নেটওয়ার্কে একটি পরিপূর্ণ রেকর্ড লগ থাকে। নেটওয়ার্কের আওতায় থাকা বিশ্বের সব কম্পিউটারে ওই রেকর্ড একই রকম থাকে, আর প্রতিটি লেনদেনের পরপরই এটি কিছুক্ষণ পরপর আপডেট হয়।
বর্তমানে প্রচলিত ব্যাংকিং ধারায় সব রেকর্ড কেন্দ্রীয়ভাবে রাখা হয়। এ কারণে কোনো একটি ব্যাংকের নেটওয়ার্ক হ্যাক করে সহজেই ওই নেটওয়ার্কে ভুয়া ডেটা যোগ করে দেওয়া সম্ভব। কিন্তু ব্লকচেইনের কারণে সব কম্পিউটারে একই রেকর্ড থাকে, ফলে কোনো ভুয়া রেকর্ড দেওয়া হলে তা সঙ্গে সঙ্গেই ধরা যাবে। বিটকয়েনের এমন সুবিধাই ব্যাংক আর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য লোভনীয় হয়ে উঠেছে।
এক বিবৃতিতে পেপাল প্রধান ড্যান স্কুলম্যান জানান, বিটকয়েন নিয়ে ক্যাসারেসের অভিজ্ঞতা পেপালকে মোবাইল লেনদেন আর ডিজিটাল ক্যাশ ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে সহায়তা করবে।
সিএনএন জানিয়েছে, পেপালের নতুন এই নিয়োগ বিটকয়েন প্রযুক্তির জন্য আরেকটি সবুজ সংকেত বলেই মনে করা হচ্ছে।
