২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিভার্সালের সঙ্গে সাউন্ডক্লাউডের চুক্তি

সঙ্গীত বাণিজ্যে সবচেয়ে বড় লেবেল ইউনিভার্সাল মিউজিক গ্রুপ (ইউএমজি)-এর সঙ্গে লাইসেন্সবিষয়ক চুক্তি করতে সম্মতি জানিয়েছে অনলাইন সঙ্গীত সেবাদাতা প্রতিষ্ঠান সাউন্ডক্লাউড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

এই চুক্তির ফলে সাউন্ডক্লাউড ইউএমজি-এর ক্যাটালগে সম্পূর্ণ অ্যাকসেস পাবে। এই ক্যাটালগে কনিয়ে ওয়েস্ট, কেটি পেরি, স্যাম স্মিথ, ইউটু আর দ্যা উইকএন্ড-এর মতো শিল্পীদের গান পাওয়া যাবে। এর মাধ্যমে শিল্পীরা বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন।

সাউন্ডক্লাউডের সঙ্গে চুক্তি করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএমজি-ই সর্বশেষ। বর্তমানে সাউন্ডক্লাউডের মাসিক ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৭ কোটিও বেশি। এর আগে প্রতিষ্ঠানটি ওয়ার্নার মিউজিক আর মারলিনের সঙ্গে চুক্তি করেছে। বড় সঙ্গীত লেবেলগুলোর মধ্যে শুধু সনি মিউজিক গ্রুপই সাউন্ডক্লাউডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি।

ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, চলতি বছর শেষে সাউন্ডক্লাউড পেইড সাবস্ক্রাইবার নেওয়ার একটি ব্যবস্থা গ্রহণ করবে।

আসন্ন সেবা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সাউন্ডক্লাউড। তবে, কিছু গান কেবল পেইড সাবস্ক্রাইবারদের দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএমজি কর্মকর্তারা। এর মাধ্যমে প্রচলিত বিনামূল্যের সেবা থেকে অর্থের বদলে সেবা ব্যবস্থা আনার দিকে ইঙ্গিত করা হল।

২০১৫ সালের ডিসেম্বরে সাবস্ক্রিপশন সেবাবিষয়ক চুক্তি সম্পন্ন করার পর সাউন্ডক্লাউডের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থার ইতি টানা হবে বলে জানায় পারফর্মিং রাইটস সোসাইটি (পিআরএস) ফর মিউজিক। পিআরএস ফর মিউজিক হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক কপিরাইটবিষয়ক একটি সংগঠন যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০০৯ সালে ব্র্যান্ড হিসেবে কাজ শুরু করে।

নতুন চুক্তি অনুসারে ২০১৬ সালে ইউরোপ জুড়ে সাউন্ডক্লাউড সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপনভিত্তিক সেবা চালু করার পর থেকে শিল্পীরা নিজ কাজের জন্য পারিশ্রমিক পাবেন বলে তখন জানানো হয়।