কর্মীর ‘মেসেজ’ পড়তে পারবেন নিয়োগকর্তা
সাম্প্রতিক এক রায়ে ইউরোপের বিচারকরা জানিয়েছেন, কাজের সময় কর্মীরা কোনো চ্যাট সফটওয়্যার বা ওয়েবমেইল অ্যাকাউন্টের সেবা ব্যবহার করলে, নিয়োগকর্তারা ওই কর্মীর ব্যক্তিগত মেসেজ পড়ার অধিকার রাখেন।
এ প্রসঙ্গে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস (ইসিএইচআর) জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি অফিস সময়ের মধ্যে নিজ কর্মীর ব্যক্তিগত মেসেজ পড়ে, তাহলে বিষয়টি কোনো নিয়মের লংঘন করবে না। রায়ে বিচারকরা জানিয়েছেন, কর্মী কাজের সময় এরকম করলে, স্বাভাবিকভাবেই তিনি প্রতিষ্ঠানের নিয়ম লংঘন করছেন, আর তাই নিয়োগকর্তার অধিকার রয়েছে নিজ কর্মচারীর মেসেজ পড়ার।
১২ ডিসেম্বর ইসিএইচআর-এর বিচারকরা এই সিদ্ধান্ত জানান। বিবিসি জানিয়েছে, বিচারকদের এই সিদ্ধান্তটি ব্রিটেনসহ ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস-এর অন্তর্ভুক্ত সব দেশের জন্য প্রযোজ্য হবে।
রোমানিয়ার যে প্রকৌশলী নিজ প্রতিষ্ঠানটির নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত মেসেজ পড়ার অভিযোগ করেছিলেন, তার প্রত্যাশা ছিল, আদালতের রায় তার পক্ষেই আসবে এবং নিয়োগকর্তা যে তার ব্যক্তিগত অধিকার লংঘন করেছেন, সে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ২০০৭ সালে ওই প্রকৌশলীর ব্যক্তিগত মেসেজ পড়ার পর তাকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি।
রোমানিয়ান ওই প্রকৌশলীর নিয়োগকর্তা আবিষ্কার করেছিলেন, পেশাদার যোগাযোগের পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের জন্যও ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করেন ওই প্রকৌশলী। পরে এ ব্যাপারে আইনের আশ্রয় নেন চাকরিচ্যুত ওই প্রকৌশলী। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী, যেহেতু তিনি কাজের সময় ব্যক্তিগত মেসেজ আদান-প্রদান করেছিলেন, সে হিসেবে প্রতিষ্ঠানটি ভুল কোনো পদক্ষেপ নেয়নি। বিচারকরা ওই প্রকৌশলীর অভিযোগ খারিজ করে দিয়েছেন।
“কাজের সময় কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা তা যাচাইয়ের জন্য এর প্রয়োজন রয়েছে” বলেই জানান বিচারকরা। বিচারকরা আরও বলেন,
“নিয়োগকর্তা কেবল মেসেঞ্জারের বিষয়টিই পরখ করে দেখেছেন, ওই পিসিতে রক্ষিত অন্য কোনো ফাইলে হাত দেননি যা পেশাগত সীমার মধ্যে নিয়োগকর্তার অবস্থান প্রমাণ করে।”
“যেহেতু নিয়োগকর্তা নিয়মকানুন বজায় রাখার জন্য এই কাজ করেছে এবং এটি পেশাদারি কাজের সঙ্গে সম্পর্কিত ছিল, তাই আদালতের মতে বিষয়টি বৈধ। এ বিষয়ে ভুল কোনো কিছু খুঁজে পায়নি আদালত।”
