সাজাপ্রাপ্তদের সুযোগ দেবে উবার
চালকদের বাছাই পরীক্ষায় খুব একটা ভালো ইতিহাস নেই মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সিসেবাদাতা প্রতিষ্ঠান উবার-এর। এবার এই নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রধান জো সালিভান এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অহিংস অপরাধীদের একটি সুযোগ দিতে এই নীতিমালা বদলাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির আগের নীতিমালায় চালক হিসেবে আবেদন করা কোনো প্রার্থীর কোনো নির্দিষ্ট অপরাধে আসামী হওয়ার রেকর্ড থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া হতো। এখন, যাদের বিরুদ্ধে দোকান থেকে কিছু চুরি বা চেক জালিয়াতির মতো কোনো অহিংস বা যৌন অপরাধ নয় এমন অপরাধের অভিযোগ ছিল তাদেরকেও অঙ্গরাজ্যটিতে কাজ করতে একটি সুযোগ দেওয়া হবে।
২০১৫ সালের নভেম্বরে উবারের নিরাপত্তা কমিটির দেওয়া এক ঘোষণার পর এই খবর এল। স্যান ফ্রানসিসকো আর লস অ্যাঞ্জেলসে উবারে খুনি, হিংসাত্মক বা যৌন অপরাধে অভিযুক্তদের উবারের চালক হিসেবে নিয়োগ দেওয়ার সন্ধান পাওয়ার পর এই কমিটি গঠন করা হয়। এছাড়া ভারতসহ যুক্তরাষ্ট্রের বাইরে কিছু দেশেও এমন ঘটনা ঘটতে দেখা গেছে।
হিংস্র আর যৌন অপরাধের মতো গুরুতর অপরাধে অভিযোগ রয়েছে এমন আসামিদের এখনও নেওয়া হবে না বলে জানিয়েছে উবার।
এর আগে যাদেরকে সাধারণ অপরাধের অভিযোগের কারণে বাদ দেওয়া হয়েছিল তাদের সঙ্গে আবার যোগাযোগ করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। নতুন নীতিমালায় তাদেরকে পুনরায় আবেদন করতে উৎসাহিত করা হবে।
নতু এই নীতিমালা মানুষের কাছে ভালো না লাগলেও, এই পরিবর্তনের ফলে সাজাপ্রাপ্ত আসামীরা নতুনভাবে তাদের জীবন শুরু করার একটি সুযোগ পাবেন- দাবী করেছে উবার।
