কোয়ালকম-এর প্রসেসর বানাবে স্যামসাং
কোয়ালকম ইনকর্পোরেটেড-এর নতুন স্ন্যাপড্রাগন ৮২০ মোবাইল প্রসেসর উৎপাদন করবে স্যামসাং। বৃহস্পতিবার উৎপাদনের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।
নতুন ওই প্রসেসর তৈরিতে ১৪-ন্যানোমিটার চিপ উৎপাদন প্রক্রিয়া প্রয়োগ করবে বলে জানিয়েছে স্যামসাং। একই চিপ নিজেদের এক্সিনস প্রসেসর তৈরিতেও ব্যবহার করে থাকে প্রতিষ্ঠানটি। এ বছরের প্রথমার্ধ নাগাদ তাদের উৎপাদিত চিপ পণ্যে ব্যবহার করা হবে বলেই বিবৃতিতে জানিয়েছে স্যামসাং। তবে নানাবিধ তথ্য জানালেও এ চুক্তির আর্থিক বিষয় সম্পর্কে মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, ১৪-ন্যানোমিটার প্রযুক্তির বদৌলতে শক্তি ক্ষয় ১৫ শতাংশ পর্যন্ত কমে আসবে এবং প্রসেসিং ক্ষমতার গতি ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পাবে।
বিশ্বে শীর্ষ এই মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি বেশ অনেকদিন ধরেই নিজেদের প্রসেসর ব্যবসার পরিসরের পাশাপাশি মুনাফা বাড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী অ্যাপল ইনকোর্পোরেটেড এবং হুয়াওয়েই টেকনোলজিস লিমিটেড-এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্মার্টফোন ব্যবসায় সুবিধা না করতে পেরে স্যামসাং ধীরে ধীরে উপাদানের উপর আরও নির্ভরশীল হয়ে পড়ছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইলেকট্রনিক্স টাইমস জানিয়েছে, চলতি বছরে ‘অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকোর্পোরেটেড’ বা এএমডি’র জন্যও চিপ উৎপাদন করবে স্যামসাং।
