২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্স্ট লেডির নিমন্ত্রণে সত্য নাদেলা

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ‘স্টেট অফ দ্যা ইউনিয়ন’ শীর্ষক ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই অনুষ্ঠানে দেশটির ফার্স্ট লেডি মিশেল ওবামা আমন্ত্রণ জানিয়েছেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

হোয়াইট হাউজের বক্তব্য অনুসারে, আসন্ন স্টেট অফ দ্যা ইউনিয়ন অ্যাড্রেস-এ প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। স্টেম আর কম্পিউটার বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে আরও বেশি মার্কিনিকে উচ্চ বেতনে প্রযুক্তিবিষয়ক কাজে নিয়োগ দেওয়া ওই পরিকল্পনাগুলোর অন্যতম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মাইক্রোসফট প্রযুক্তি শিক্ষায় আরও বিনিয়োগের জন্য গুরুত্ব আরোপ করেছে। ২০১৫ সালে নাদেলা মার্কিন বিদ্যালয়গুলোতে শিক্ষার মূলধারা কম্পিউটার বিজ্ঞান শিক্ষাভিত্তিক করতে নতুন উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগে ৭ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি। শুধু তাই নয় যারা এ বিষয়ে শিক্ষকতা করতে চান তাদের সহায়তা করতে টেক ডটঅর্গ নামের একটি প্রতিষ্ঠানকেও সহায়তা করে মাইক্রোসফট।

এছাড়া কর্মক্ষেত্রে সন্তানজন্মকালীন ছুটি নিয়েও পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন নাদেলাও। ২০১৫ সালের অগাস্ট মাসে মাইক্রোসফট মাতৃকালীন ছুটি ২০ সপ্তাহ করার প্রস্তাব দেয়, যা সাধারণ কর্মচারীদের জন্য প্রস্তাবিত ছুটি থেকে ৮ সপ্তাহ বেশি।

স্টেট অফ দ্যা ইউনিয়নে মিশেল ওবামার আমন্ত্রিত সব অতিথিই ওবামার পরিকল্পনার বিভিন্ন নীতি ও কর্মসূচিকে রূপায়িত করেন। হোয়াইট হাউজ এক বক্তব্যে বলেছে, “তাদের সংগ্রাম ও সফলতার কাহিনী আমরা কোথায় ছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে এবং আমাদের দেশের উন্নতিতে শ্রেষ্ঠ উদ্যোগটি নেওয়া হয়।”

সত্য নাদেলা ছাড়াও স্টেট অফ দ্যা ইউনিয়নে আমন্ত্রণ পেয়েছেন আইনজীবী সিন্থিয়া ডায়াস, আফিম সংস্কারবিষয়ক আইনজীবী কেরি ডিক্সন, সিরিয়ান শরণার্থী রেফাই হ্যামো, কানেকটিকাট গভর্নর ড্যানেল মালোয় আর প্যারিসে এক ট্রেন আক্রমণ থামিয়ে দেওয়ার নায়ক স্পেনসার স্টোন।