২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ শতাংশ কমেছে গ্রোপ্রো শেয়ারমূল্য

আফটার-আওয়ারস ট্রেডিংয়ে গোপ্রো-এর শেয়ারমূল্য কমেছে ২৮ শতাংশ। প্রতিষ্ঠানটি যে আনুমানিক মুনাফা হবে বলে ঘোষণা করেছে, তা প্রত্যাশার চেয়ে কম হওয়াতেই শেয়ার মূল্যের এই দরপতন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

গ্রোপ্রো জানিয়েছে, চতুর্থ প্রান্তিকে তাদের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ ডলার মুনাফা হতে পারে। এ ছাড়া এক কোটি ডলার পুনর্গঠন খরচের জন্য নিজেদের ১,৫০০ কর্মী থেকে ৭ শতাংশ ছাটাই করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ঘোষণার পরপরই প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য কমতে শুরু করে এবং তা ২৮ শতাংশ কমে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সিলিকন ভ্যালিভিত্তিক এই প্রতিষ্ঠানটির তরফ থেকে আরও জানানো হয়েছে, হিরো৪ সেশন ক্যামেরার দাম কমানোর সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির বিক্রিতে বেশ বড় প্রভাব ফেলেছে। ১৩ জানুয়ারি গোপ্রো-এক বিবৃতিতে জানায়, “চতুর্থ প্রান্তিকের মুনাফা কম হওয়ার পেছনের অন্যতম একটি কারণ হচ্ছে, ডিসেম্বর মাসে হিরো৪ সেশন ক্যামেরার মূল্য কমিয়ে আনা, এর ফলে ২ কোটি দশ লাখ ডলার মুনাফা কমেছে।”

২০১৫ সালের অক্টোবর মাসে গ্রোপ্রো জানিয়েছিল, মূল্য বেশি হওয়ায়, তাদের ডিভাইসের চাহিদা প্রত্যাশার তুলনায় কম। এ ছাড়াও প্রতিষ্ঠানটি বাজারে বেশ অনেকদিন ধরেই শিয়াওমি-এর মতো বিভিন্ন চীনা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় রয়েছে। ওই প্রতিষ্ঠানগুলো স্বল্পমূল্যে ডিভাইস সরবরাহ করছে।

প্রতিষ্ঠানটি বর্তমানে চতুর্থ প্রান্তিকের যে আনুমানিক মুনাফার পরিমাণ ঘোষণা করেছে তা ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ৩০ শতাংশ কম বলে জানিয়েছে বিবিসি।